
নিউজ ডেস্কঃ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে আন্তঃজেলা ডাকাত দলের সরদার ও সাত মামলার আসামি ভাদু শেখ (৪০) নিহত হয়েছেন। গতকাল রবিবার মধ্যে রাতে উপজেলার জঙ্গল ইউনিয়নের অলংকারপুর গ্রামে এ ঘটনা ঘটে।নিহত ভাদু শেখ রাজবাড়ী সদর উপজেলার গোবিন্দপুর গ্রামের মৃত ইছাক শেখের ছেলে।পুলিশ জানায়, আন্তঃজেলা ডাকাত সরদার ভাদু শেখ তার দলবল নিয়ে বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের অলংকারপুর গ্রামে মিটিং করছিল।খবর পেয়ে পুলিশ সেখানে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে জবাবে পুলিশও পাল্টা গুলি ছোড়ে।এ সময় ডাকাত সরদার ভাদু গুলিবিদ্ধ হন এবং অন্য ডাকাত সদস্যরা পালিয়ে যায়। পড়ে পুলিশ আহত ভাদু শেখকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।ঘটনাস্থল থেকে ২টি ওয়ানশুটার গান, ১টি তাজা কার্তুজ, ৫টি গুলির খোসা ও ১টি রামদা উদ্ধার করেছে পুলিশ। নিহত ভাদুর বিরুদ্ধে চারটি ডাকাতি, একটি করে অস্ত্র, বিস্ফোরক ও চুরি মামলাসহ মোট সাতটি মামলা রয়েছে।বালিয়াকান্দি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসিনা বেগম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।