News71.com
 Bangladesh
 10 Sep 18, 04:22 PM
 320           
 0
 10 Sep 18, 04:22 PM

সাংবাদিকদের মহার্ঘ ভাতার গেজেট প্রকাশ কাল

সাংবাদিকদের মহার্ঘ ভাতার গেজেট প্রকাশ কাল

নিউজ ডেস্কঃ সংবাদপত্র ও সংবাদ সংস্থায় কর্মরত সাংবাদিক ও সংবাদকর্মীরা তাদের মূল বেতনের ৪৫ শতাংশ মহার্ঘ ভাতা পাচ্ছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাংবাদিকদের জন্য ঘোষিত ৯ম ওয়েজ বোর্ডের ডিএর ফাইলে স্বাক্ষর করেছেন। আগামীকাল মঙ্গলবার এ সংক্রান্ত গেজেট প্রকাশ করা হবে বলে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বিষয়টি নিশ্চিত করেছেন। উল্লেখ্য, এর আগে গত চলতি বছরের ২১ মার্চ সংবাদপত্র ও সংবাদ সংস্থায় নিয়োজিত সংবাদকর্মীদের জন্য মূল বেতনের ৪৫ শতাংশ অন্তর্বর্তীকালীন মহার্ঘ ভাতা ঘোষণা করা হয়। ওইদিন পিআইবির সেমিনার কক্ষে ওয়েজ বোর্ড চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক নাসিম মালিকপক্ষ ও সংবাদকর্মী, উভয় পক্ষের যুক্তিতর্কের শুনানি শেষে এ ঘোষণা দেন।

এর আগে ২০১২ সালের জুনে সাংবাদিকদের নতুন বেতন কাঠামো নির্ধারণে অষ্টম ওয়েজ বোর্ড গঠন করা হয়েছিল। এর কয়েক মাস পর ৫০ শতাংশ মহার্ঘ ভাতার সুপারিশ করেছিল ওই বোর্ড। যা ২০১২ সালের ১ জুলাই থেকে কার্যকর হয়েছিল। আগের ওয়েজ বোর্ড গঠনের প্রায় ৫ বছর ৭ মাস পর গঠন করা হয় এই নবম ওয়েজ বোর্ড। প্রসঙ্গত, ২০১৫ সালে সরকারি কর্মচারীদের নতুন বেতন কাঠামো ঘোষণার পর থেকে নতুন বেতন কাঠামোর দাবি জানিয়ে আসছিলেন সাংবাদিকদের সংগঠনগুলো। এই দাবিতে দীর্ঘ দিন কর্মসূচিও পালন করে তারা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন