
নিউজ ডেস্কঃ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে উত্তরাঞ্চলের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসে আরও বলা হয়, সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ উত্তর প্রদেশ, বিহার, হিমালয়ের পাদদেশীয় পশ্চিবঙ্গ ও বাংলাদেশের উত্তাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় বিরাজ করছে। গতকাল সোমবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোর ৩৫.৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়া ২৪.০ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া সর্বোচ্চ বৃষ্টি হয়েছে সৈয়দপুর ১১৭ মিলিমিটার। আজ মঙ্গলবার ঢাকায় সূর্যোদয় হয়েছে ভোর ৫টা ৪৩ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৭ মিনিটে।