News71.com
 Bangladesh
 11 Sep 18, 01:03 PM
 196           
 0
 11 Sep 18, 01:03 PM

বাংলাদেশের বিদ্যুৎখাতের উন্নয়নে ২৮৭০ কোটি টাকা ঋণ সহায়তা দেবে এডিবি  

বাংলাদেশের বিদ্যুৎখাতের উন্নয়নে ২৮৭০ কোটি টাকা ঋণ সহায়তা দেবে এডিবি   

নিউজ ডেস্কঃ বিদ্যুৎ সঞ্চালনব্যবস্থা উন্নয়নে ৩৫ কোটি মার্কিন ডলার যা বাংলাদেশি মুদ্রার দুই হাজার ৮৭০ কোটি টাকা ঋণ দেবে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি। গতকাল সোমবার রাজধানীর শেরেবাংলানগরের এনইসি সম্মেলন কক্ষে দুই পক্ষের মধ্যে একটি চুক্তি সই হয়। এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব কাজী শফিকুল আযম ও এডিবির আবাসিক প্রধান মনমোহন প্রকাশ এ চুক্তি সই করেন । এ ছাড়া পাওয়ার গ্রিড কম্পানি অব বাংলাদেশ লিমিটেডের (পিজিসিবির) সঙ্গে এডিবির আলাদা একটি চুক্তি সই হয়। এতে সই করেন পিজিসিবির প্রধান প্রকৌশলী প্রণব কুমার রায় এবং এডিবির আবাসিক প্রধান মনমোহন প্রকাশ। চুক্তি শেষে কাজী শফিকুল আযম বলেন,এডিবি বাংলাদেশের উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখছে। এ প্রকল্পটি একটি অন্যতম বড় প্রকল্প। এটি বাস্তবায়নের মধ্য দিয়ে বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার উন্নয়ন ঘটবে। তিনি আরও বলেন,গত অর্থবছর ছিল বৈদেশিক সহায়তা, পাওয়ার ক্ষেত্রে রেকর্ডের বছর।

 

চলতি অর্থবছরের প্রায় ৭০০ কোটি ডলার বৈদেশিক সহায়তার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। আশা করা হচ্ছে তা পূরণে সক্ষম হবো। এবং মনমোহন প্রকাশ বলেন,এ প্রকল্পটি বাস্তবায়নের ফলে বিদ্যুৎ বিতরণ ও সঞ্চালনব্যবস্থার উন্নতি ঘটবে। বিদ্যুতের সিস্টেম লস কমে আসবে। প্রকল্পটি দেশের বর্ধিত বিদ্যুৎ চাহিদা পূরণে ভূমিকা রাখবে। চুক্তি সই অনুষ্ঠানে জানানো হয়, সাউথ-ওয়েস্ট ট্রান্সমিশন গ্রিড এক্সপানসন প্রজেক্ট বাস্তবায়নে এ অর্থ খরচ করা হবে। প্রকল্পটি বাস্তবায়নে মোট ব্যয় হবে ৫৩ কোটি ডলার। এর মধ্যে এডিবি ঋণ দেবে ৩৫ কোটি ডলার,অ্যাডমিনিস্ট্রেটেড জাপান ফান্ড ফর দ্য জয়েন্ট ক্রেডিং ম্যাকানিজম (জেএফজেসিএম) থেকে ৭০ লাখ ডলার এবং রিপাবলিক অব কোরিয়া ই-এশিয়া অ্যান্ড নলেজ পার্টনারশিপ ফান্ড (ইএকেপিএফ) থেকে ৫ লাখ ডলার ঋণ হিসেবে পাওয়া যাবে। বাকি ১৭ কোটি ৪৫ লাখ ডলার সরকারের নিজস্ব তহবিল থেকে ব্যয় করা হবে। এডিবির ঋণ পাঁচ বছরের রেয়াতকালসহ ২৫ বছরে পরিশোধ করতে হবে। এ ছাড়া সুদের হার লাইবরের ০.১০ শতাংশ হারে ম্যাচুরিটি প্রিমিয়াম এবং অব্যয়িত অর্থের ওপর ০.১৫ শতাংশ হারে কমিটমেন্ট ফি দিতে হবে। তিনি আরো জানান, প্রকল্পটি বাস্তবায়িত হবে চারটি কম্পোনেন্টের আওতায়। এগুলো হচ্ছে গোপালগঞ্জে ৪০০/১৩২ কেভি সাবস্টেশন নির্মাণ, ১২৬ কিলোমিটার বরিশাল-গোপালগঞ্জ-ফরিদপুর ২৩০ কেভি সার্কিট ট্রান্সমিশন লাইন স্থাপন, ১০৪ কিলোমিটার বগুড়া-রোহানপুর ৪০০ কেভি ডাবল সার্কিট লাইন এবং বিদ্যুৎ খাতে অন্তর্ভুক্তিমূলক সামাজিক উন্নয়ন করা হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন