News71.com
 Bangladesh
 12 Sep 18, 05:41 AM
 233           
 0
 12 Sep 18, 05:41 AM

পিরোজপুরে আওয়ামী লীগের মনোনয়ন প্রার্থী শেখ এ্যানী রহমানের গাড়িবহরে হামলার অভিযোগ

পিরোজপুরে আওয়ামী লীগের মনোনয়ন প্রার্থী শেখ এ্যানী রহমানের গাড়িবহরে হামলার অভিযোগ

নিউজ ডেস্কঃ গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে পিরোজপুর শহরে দুই দফায় নয় রাউন্ড বন্দুকের গুলির শব্দ পাওয়া যায়। পিরোজপুর ১ আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য পদে মনোনয়ন প্রার্থী শেখ এ্যানী রহমান টুঙ্গীপাড়া থেকে গাড়ি ও মোটরসাইকেলের বিশাল বহর নিয়ে পিরোজপুর শহরে দিকে আসার সময়, প্রথম দফা গুলির শব্দ পাওয়া যায়। এরপর মহিলা কলেজের সামনে বাসার কাছে পৌঁছুলে তার বেসরকারি নিরাপত্তা কর্মীরা বন্দুকের ফাঁকা গুলি ছোড়ে। এরপর শেখ এ্যানী রহমানের সমর্থকরা এ ঘটনার প্রতিবাদে শহরে মিছিল করে স্থানীয় বিলাস চত্বরে এক পথসভা করে। পথসভায় জেলা আওয়ামী লীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি সরদার ফারুক,ছাত্রলীগের সাবেক জেলা সভাপতি মাকসুদুল ইসলাম লিটন সিকদার ও জেলা যুবলীগের সাবেক নেতা গোপাল বসু বক্তব্য রাখেন।

এ সময় তারা এ্যানী রহমানের গাড়ি বহরে হামলার নিন্দা,দায়ীদের অবিলম্বে গ্রেফতার ও বিচার দাবি করে। এরপর মিছিলকারীরা এ্যানী রহমানের মরহুম পিতা সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এডভোকেট এনায়েত হোসেন খানের বাসভবনের সামনে জড়ো হয়ে এ ঘটনার প্রতিবাদে শ্লোগান দিতে থাকে। শেখ এ্যানী রহমান । তিনি পিরোজপুর ১ আসনে আসন্ন সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী এবং এক বছরের বেশী সময় ধরে এলাকায় গণ সংযোগ করে যাচ্ছেন। তার বিরোধীরা গাড়ি বহরের ওপর হামলা ও গুলি চালিয়েছে। তিনি এ ঘটনার বিচার দাবি করেন। এদিকে পুলিশ এ্যানী রহমানের গাড়ি বহরে কোন ধরনের হামলার কথা জানে না বলে সদর থানার প্রধান কর্মকর্তা (ওসি) এস এম জিয়াউল হক জানিয়েছেন। এ্যানী রহমানের সঙ্গে থাকা নিরাপত্তা কর্মীরা দুই দফা বন্দুকের ফাঁকা গুলি ছুঁড়েছে বলে ওসি জানিয়েছেন। এ প্রতিবেদন লেখার সময় শহরে চরম ভীতি বিরাজ করছিল, দোকান পাট ও গাড়ি চলাচল বন্ধ ছিল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন