News71.com
 Bangladesh
 14 Sep 18, 05:51 AM
 183           
 0
 14 Sep 18, 05:51 AM

খালেদা জিয়া আমাকে মেরে ফেলার চেষ্টা করেছিলেন।।জাপা চেয়ারম্যান এরশাদ  

খালেদা জিয়া আমাকে মেরে ফেলার চেষ্টা করেছিলেন।।জাপা চেয়ারম্যান এরশাদ   

নিউজ ডেস্কঃ জিয়াউর রহমানের মৃত্যুর পরে খালেদা জিয়াকে আমি বাড়ি দিয়েছিলাম, সন্তানদের লেখাপড়ার খরচ দিয়েছিলাম। আর খালেদা জিয়া আমাকে মেরে ফেলার চেষ্টা করেছিলেন। জেলখানায় চিকিৎসা দেওয়া হয়নি, ঈদের নামাজ পর্যন্ত পড়তে দেওয়া হয়নি। আজ বৃহস্পতিবার ঢাকা-১৭ আসনের কচুক্ষেত এলাকায় গণসংযোগকালে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ এসব কথা বলেন। সাবেক এ রাষ্ট্রপতি বলেন, খালেদা জিয়া আমাকে বিনাবিচারে টানা ৬ বছর জেলে রেখেছেন, অমানুষিক নির্যাতন করেছেন। বাংলাদেশে সব চেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছি আমি এবং জাতীয় পার্টি। ভাগ্যের পরিহাস খালেদা জিয়াই এখন কারাগারে আছেন।

জাপা চেয়ারম্যান এরশাদ বলেন, আমরা মানুষ খুন করিনি, আমাদের হাতে রক্তের দাগ নেই। তাই আল্লাহর রহমত আর সাধারণ মানুষের ভালোবাসায় এখনো বেঁচে আছি। জাতীয় পার্টি এখন শক্তিশালী দল, আগামী নির্বাচনে রাষ্ট্রক্ষমতায় যেতে প্রস্তুত। স্থানীয় জনসাধারণের উদ্দেশ্যে এইচএম এরশাদ বলেন, ঢাকা-১৭ আসন রাজধানীর অভিজাত এলাকা, এখনকার সর্বস্তরের মানুষের কাছে জাতীয় পার্টির গ্রহণযোগ্যতা রয়েছে। ২০০৮ সালের নির্বাচনে এই আসনে সাধারণ মানুষ আমাকে প্রায় দেড় লাখ ভোট বেশি দিয়ে নির্বাচিত করেছিলেন। জাপা আমলে উন্নয়নের চিত্র তুলে ধরে তিনি বলেন, ১০ হাজার মাইল পাকা রাস্তা করেছি, উন্নয়নের জন্য এলজিআরডি গঠন করেছি, ৪৬০টি উপজেলা করেছি, ২১ জেলা থেকে ৬৪টি জেলায় উন্নীত করেছি। আমরা যে উন্নয়ন করেছি, আর কোনো সরকার তা করতে পারেনি। আমরা ছাড়া কেউ এ দেশে সুশাসন দিতে পারেনি। আবারো মানুষের সামনে এসেছি, আমরা বিজয়ী হয়ে দেশের মানুষকে মুক্তি দিতে চাই। আমাদের হাতে শুরু হওয়া ফ্লাইওভার, উপজেলা পদ্ধতিসহ বিভিন্ন উন্নয়ন-কর্মকাণ্ড খালেদা জিয়া বন্ধ করে দেশের অনেক ক্ষতি করেছিলেন। দেশের মানুষ জেগে উঠেছে, জাতীয় পার্টিও সংগঠিত হয়েছে। দেশের মানুষ মুক্তি চায়, আমরা নির্বাচনে জিতে দেশের মানুষের প্রত্যাশা পূরণ করবো, ইনশাআল্লাহ। তিনি বলেন, তিনটি আসনে নির্বাচন করবো এর মধ্যে ঢাকা-১৭ এবং রংপুর সদর নিশ্চিত হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন