
নিউজ ডেস্কঃ বাংলাদেশের নীলফামারীর সীমান্তবর্তী স্টেশন চিলাহাটি। আর ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কোচবিহার জেলার পুরাতন স্টেশন হলদিবাড়ি। দু’টি স্টেশনই দীর্ঘদিন পরিত্যক্ত। তবে ফের সরগরম হচ্ছে স্টেশন দুটি। এবার ঢাকা থেকে সরাসরি পর্যটকদের স্বর্গ দার্জিলিং পর্যন্ত স্থাপিত হচ্ছে রেল সংযোগ। ভারতের সঙ্গে রেল সংযোগ স্থাপনের লক্ষ্যে চিলাহাটি ও চিলাহাটি বর্ডারের মধ্যে রেলপথ নির্মাণ প্রকল্পের আওতায় এ উদ্যোগ নেওয়া হচ্ছে। প্রকল্পটি আগামী মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীর শেরে বাংলানগর এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠেয় জাতীয় অর্থনৈতিক নির্বাহী পরিষদের (একনেক) সভায় উপস্থাপন করা হবে। একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হবে।
পরিকল্পনা কমিশনের রেল পরিবহন উইংয়ের উপ-প্রধান পরিমল চন্দ্র বসু বলেন, রেলপথে ফের ঢাকা থেকে দার্জিলিং যাওয়ার অবকাঠামোগত সুবিধা তৈরি করতে যাচ্ছে সরকার। এই সুবিধা আগেই ছিল। পুনরায় উদ্যোগ নেওয়া হবে। প্রকল্পটি আগামী মঙ্গলবার একনেকে অনুমোদন দেওয়া হবে বলে আশা করছি। চিলাহাটি-হলদিবাড়ি ইন্টারচেঞ্জ পয়েন্ট চালুর লক্ষ্যে চিলাহাটি অংশে সাত কিলোমিটার এবং ভারতের হলদিবাড়ি অংশে তিন কিলোমিটার রেলপথ পুনরায় নির্মাণ করা হবে। মোট ১০ কিলোমিটার রেলপথ নির্মাণ করলেই দু’দেশের মধ্যে এই করিডোরে রেল যোগাযোগ পুনঃস্থাপিত হবে।রেলপথ মন্ত্রণালয় সূত্র থেকে জানা যায়, ভারতের সঙ্গে রেল সংযোগ স্থাপনের লক্ষ্যে চিলাহাটি ও চিলাহাটি বর্ডারের মধ্যে রেলপথ নির্মাণ প্রকল্প নেওয়া হচ্ছে। প্রকল্পের মোট ব্যয় নির্ধারণ করা হয়েছে ৭৮ কোটি ১৩ লাখ টাকা। চলতি সময় থেকে জুন ২০১৯ সালের মধ্যে বাংলাদেশ অংশের কাজ শেষ হবে। ২০১৭ সালে ভারতের কার্যক্রম শেষ হয়েছে।