
নিউজ ডেস্কঃ বিশ্বের ১০০টি শীর্ষ সমুদ্রবন্দরের তালিকায় চট্টগ্রাম বন্দরের অবস্থান এখন ৭০তম। ২০০৯ সালে এই বন্দরের অবস্থান ছিল তালিকার একেবারে শেষদিকে ৯৮তম। ধাপে ধাপে এখন তা ৭০তম স্থানে উন্নীত হয়েছে। অর্থাৎ আট বছরে দেশের প্রধান এই সমুদ্রবন্দরটি ২৮ ধাপ এগিয়েছে। কনটেইনার ওঠানামা এবং প্রবৃদ্ধি বিবেচনায় শিপিং বিষয়ক আন্তর্জাতিক গণমাধ্যম লয়েডস লিস্ট ২০১৭ সালের কনটেইনার ওঠানামা বিবেচনায় নিয়ে ২০১৮ সালে এই প্রতিবেদন প্রকাশ করেছে। গত সপ্তাহে এই রিপোর্ট বিস্তারিত প্রকাশ করা হয়েছে তাদের ওয়েবসাইটে। তালিকায় বিশ্বের ১০০টি শীর্ষ বন্দরের তালিকায় প্রথমে রয়েছে চীনের সাংহাই পোর্ট। ২০১১ সাল থেকেই এই বন্দরটি তালিকার শীর্ষে রয়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে সিঙ্গাপুর বন্দর। তৃতীয় স্থানে থাকা চীনের শেনজেন পোর্ট ২০১২ সাল থেকেই সেই অবস্থান ধরে রেখেছে। প্রথম ১০টির মধ্যে সাতটিই হচ্ছে চীনের বন্দর। তালিকায় ভারতের মুম্বাইয়ের জওয়াহেরলাল নেহরু বন্দরের অবস্থান ২৮তম আর ভারতের চেন্নাই বন্দরের অবস্থান ৯৯তম। এ ছাড়া পাকিস্তানের করাচি বন্দরের অবস্থান চট্টগ্রাম বন্দরের অনেক পরে ৮৩তম। আর চট্টগ্রাম সমুদ্রবন্দর যেসব বন্দরের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশে কনটেইনার পৌঁছায় সেই বন্দরগুলোর মধ্যে মালয়েশিয়ার পোর্ট কেলাং হচ্ছে ১২তম এবং তানজুম পেলিপাস বন্দর হচ্ছে ১৯তম অবস্থানে। শ্রীলঙ্কার কলম্বো বন্দরের অবস্থান হচ্ছে ২৪তম।
লয়েডস লিস্টের তালিকা মতে, চট্টগ্রাম বন্দর ২০১৭ সালে ২৫ লাখ ৬৬ হাজার ৫৯৭ একক কনটেইনার ওঠানামা করেছে যার প্রবৃদ্ধি ৯.৪ শতাংশ। ২০১৬ সালে এই বন্দর ২৩ লাখ ৪৬ হাজার ৯০৯ একক কনটেইনার ওঠানামা করেছিল চট্টগ্রাম বন্দর। ৩০ বিলিয়ন তৈরি পোশাক রপ্তানিতে চট্টগ্রাম বন্দর বড় অবদান রাখছে উল্লেখ করে প্রতিবেদনে বলা হয় বন্দরের ডিজাইন অনুযায়ী এটি পুরনো বন্দর এবং বন্দরের ইয়ার্ড ও যন্ত্রপাতিগুলো পুরনো। গত বছরে দুটি গুরুত্বপূর্ণ ‘কি গ্যান্ট্রি ক্রেন’ অচল থাকার কথাও উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। রিপোর্ট পর্যালোচনা করে দেখা যায়, ২০১৭ সালের ১০০টি বন্দরের গড় কনটেইনার প্রবৃদ্ধি ছিল গড়ে ৬ শতাংশ কিন্তু চট্টগ্রাম বন্দরের প্রবৃদ্ধি প্রায় ১০ শতাংশ। ২০১৬ সালে চট্টগ্রাম বন্দরের অবস্থান ছিল ৭১তম, ২০১৫ সালে ৭৬তম, ২০১২ সালে ৯০তম এবং ২০০৯ সালে ৯৮তম।