News71.com
 Bangladesh
 17 Sep 18, 12:59 PM
 328           
 0
 17 Sep 18, 12:59 PM

আমরা অবাধ, সুষ্ঠু-গ্রহণযোগ্য ও স্বচ্ছ নির্বাচন চাই।।এইচ টি ইমাম

আমরা অবাধ, সুষ্ঠু-গ্রহণযোগ্য ও স্বচ্ছ নির্বাচন চাই।।এইচ টি ইমাম

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম বলেছেন, আমরা সুষ্ঠু, অবাধ, সকলের কাছে গ্রহণযোগ্য ও স্বচ্ছ নির্বাচন চাই। সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন আমাদের প্রতিজ্ঞা। আমরা আশা করি, আমাদের দলের এবং আমাদের সরকারের পক্ষ থেকে এই ব্যাপারে আমরা কখনো পিছপা হব না। অতীতেও হইনি, ভবিষ্যতেও হব না। আজ সোমবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) শান্তিতে বিজয়, শান্তি জিতলে জিতবে দেশ শীর্ষক এক জাতীয় ক্যাম্পেইনের উদ্ধোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের নির্বাচনী পরিবেশ ধীরে ধীরে শান্তিপূর্ণ হওয়ার ক্ষেত্রে বিভিন্ন দিক ও দল হিসেবে আওয়ামী লীগের পদক্ষেপগুলো তুলে ধরেন এইচ টি ইমাম।

এইচ টি ইমাম বলেন, এই যে অগ্রগতিগুলো ধীরে ধীরে হয়েছে। এগুলো আমরা খুব সচেতনভাবে লক্ষ করি না। কিন্তু আমি যেহেতু এগুলোর সঙ্গে সম্পৃক্ত ছিলাম। তাই লক্ষ করি এবং দেখি আমরা কতদূর এগিয়ে গেছি। আমরা আজকে উন্নয়নশীল দেশে পরিণত হয়েছি, এটি তো বিনা কারণে হয়নি। এদেশের মানুষ সকলে অংশগ্রহণ করেছে বলেই এটি হয়েছে। এই উন্নয়নের পেছনে প্রাইভেট সেক্টর, জনমত, সরকার সহায়ক ভূমিকা পালন করেছে। সরকার দিকনির্দেশনা দিয়েছে। কিন্তু সেটি হলেও দূরে তাকানোর মতো ক্ষমতা থাকতে হবে যে আমরা ভবিষ্যতে কী রকম বাংলাদেশ চাই। তিনি আরো বলেন, 'আমরা, বাংলাদেশ যেমন উন্নত আধুনিক বাংলাদেশ চাই তেমনি সেই সঙ্গে গণতান্ত্রিক শান্তিপূর্ণ এমন একটি দেশ চাই যেটি সারা বিশ্বের আদর্শ হবে। এটিই আমাদের লক্ষ্য।বাংলাদেশ আওয়ামী লীগ সবসময়েই আক্রান্ত হয়েছে। বিভিন্ন সময়ে আক্রান্ত হয়েছে। আমি সেই সমস্ত ঘটনাগুলো বলতে চাই না। কিন্তু আমরা কখনও কাউকে পাল্টা আক্রমণ করিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন