
নিউজ ডেস্কঃ ভারতের বাণিজ্যমন্ত্রী সুরেশ প্রভুর নেতৃত্বে উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধিদল আগামী ২৩ সেপ্টেম্বর বাংলাদেশ সফরে আসছেন। এই সময়ে দ্বিপক্ষীয় বাণিজ্য-বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি অমীমাংসিত বেশকিছু ইস্যু নিয়ে সরকার টু সরকার পর্যায়ে আলোচনা হবে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আলোচনায় ভারতে বাংলাদেশের পাটপণ্যের ওপর অ্যান্টি-ডাম্পিং শুল্ক প্রত্যাহারের বিষয়টি গুরুত্ব পাবে।
বাণিজ্য মন্ত্রণালয় জানায়, দেশটির বাণিজ্যমন্ত্রী সুরেশ প্রভুর নেতৃত্বে উচ্চ পর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধিদলটি আগামী ২৩ ও ২৪ সেপ্টেম্বর বাংলাদেশ সফল করবেন। এ সময় তারা বাণিজ্য মন্ত্রণালয় ছাড়াও বিভিন্ন বাণিজ্যিক সংগঠনের সঙ্গে বৈঠক করবেন। দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও তারা সৌজন্য সাক্ষাৎ করবেন।