
নিউজ ডেস্কঃ গার্মেন্টস খাতের শ্রমিকদের জন্য সম্প্রতি ঘোষিত ন্যুনতম ৮ হাজার টাকা মজুরির বিষয়ে আপত্তি জানিয়েছেন শ্রমিক নেতারা। বর্তমান অর্থনৈতিক অবস্থা ও মূল্যস্ফীতি বিবেচনায় এই মজুরি বাস্তবসম্মত নয় বলে মনে করছেন শ্রমিকরা। একইসঙ্গে ঘোষিত মোট মজুরির সঙ্গে মূল মজুরি চাতুরি করে কমিয়ে দেওয়া হয়েছে বলেও তাদের অভিযোগ। এ বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আনার দাবি জানিয়েছেন শ্রমিক নেতারা। গতকাল বুধবার সচিবালয়ে গার্মেন্টস বিষয়ে সরকার, মালিকপক্ষ ও শ্রমিক প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত ত্রিপক্ষীয় সমন্বয় কমিটির টিসিসি সভায় শ্রমিক নেতারা এ সব বিষয় উল্লেখ করেন। পরে ইস্যুটি প্রধানমন্ত্রীর নজরে আনা হবে বলে সভায় সিদ্ধান্ত হয়েছে। শ্রম মন্ত্রণালয়ের সচিব আফরোজা খানের সভাপতিত্বে এতে শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এ সময় শ্রম মন্ত্রণালয়ের পক্ষ থেকে মালিক ও শ্রমিকপক্ষকে শ্রম পরিস্থিতি শান্ত রাখতে কার্যকর ও ইতিবাচক ভূমিকা রাখার অনুরোধ জানানো হয়।
বিশেষত আগামী জাতীয় নির্বাচনের আগে শ্রমঘন এ খাতে যাতে কোন ধরণের অসন্তোষ সৃষ্টি না হয় সেদিকে খেয়াল রাখতে শ্রমিক নেতাদের প্রতি আহ্বান জানানো হয়। সভায় উপস্থিত ছিলেন শ্রমিক নেতা দেলোয়ার হোসেন খান। তিনি বলেন ৮ হাজার টাকার মজুরির মধ্যে মূল মজুরি ধরা হয়েছে ৪ হাজার ১শ টাকা। এই চালাকির কারণে বোনাসসহ অন্যান্য সুবিধা শ্রমিকরা কম পাবে। এসব বিষয়ে আমাদের পর্যালোচনা তুলে ধরেছি। এছাড়া এ কমিটি গঠনের পর সিদ্ধান্ত হয়েছিল গার্মেন্টসে কোন সংকট দেখা দিলে কিংবা প্রতি তিন মাস পর পর সভা হবে। কিন্তু প্রথম সভা হলো এক বছর পর। এটি নিয়ে আমরা আপত্তি জানিয়েছি। অন্যদিকে,পোশাক শিল্প মালিকদের সংগঠন বিকেএমইএর সহ সভাপতি ফজলে এহসান শামীম বলেন, নির্বাচনের আগে শ্রম পরিস্থিতি যাতে শান্ত থাকে এ জন্য শ্রমিক ও মালিকপক্ষকে অনুরোধ জানানো হয়েছে। বিশেষত শ্রম পরিস্থিতি অশান্ত হয়,এমন কোন কাজ যাতে মালিকপক্ষ না করে। তবে তিনি আরও বলেন, শ্রমিকদের ৮ হাজার টাকা মজুরি ঘোষাণায় সাধারণ শ্রমিকরা খুশি হয়েছেন।