
নিউজ ডেস্কঃ তথ্য প্রতিমন্ত্রী তারানা বলেছেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের প্রতিটি গ্রাম হবে এক একটি মডেল শহর। প্রধানমন্ত্রী এ পর্যন্ত বাংলাদেশকে নিয়ে যে সব স্বপ্ন দেখেছেন তার সবগুলোই তিনি বাস্তবায়ন করে দেখিয়েছেন। তিনি স্বপ্ন দেখেছিলেন ডিজিটাল বাংলাদেশ গড়বেন, বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে,পদ্মা সেতু তৈরি হবে নিজস্ব অর্থায়নে। বাংলাদেশ নিয়ে তার এ সব স্বপ্নের বেশির ভাগ বাস্তবায়ন হয়েছে। বাকিগুলো বাস্তবায়নের পথে। তার একক নেতৃত্বে বাংলাদেশ আজ সারাবিশ্বে রোল মডেল। আজ শনিবার সকালে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মামুদনগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত মা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। তথ্য প্রতিমন্ত্রী বলেন,বঙ্গবন্ধু তার অসমাপ্ত কাজ সম্পাদনের জন্য তার যোগ্য উত্তরসূরী রেখে গেছেন।
দেশ আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফল নেতৃত্বে উন্নয়নের মহাসড়কে দূর্বার গতিতে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। কিন্তু একটি চক্র দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত। দেশের সার্বিক উন্নয়নকে বাধাগ্রস্থ করতে উঠে পড়ে লেগেছে। তাই আগামী নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগকে আবার ক্ষমতায় এনে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার অসমাপ্ত কাজ সম্পাদনের সুযোগ করে দিতে হবে। মামুদনগর ইউনিয়ন আওয়ামী লীগ ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শেখ শহিদুল ইসলাম বিপ্লবের সভাপতিত্বে ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জলিলের সঞ্চালনায় সমাবেশে আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি রিয়াজ উদ্দিন তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাকিরুল ইসলাম উইলিয়াম,জেলা পরিষদের সদস্য শেখ কামাল হোসেন,উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি নিজাম উদ্দিন,উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ শামসুল হক,জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ফরিদুর রহমান ফরিদ প্রমুখ।