News71.com
 Bangladesh
 24 Sep 18, 12:34 PM
 175           
 0
 24 Sep 18, 12:34 PM

৪ অক্টোবর নোয়াখালীর ভাসানচর পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

৪ অক্টোবর নোয়াখালীর ভাসানচর পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

নিউজ ডেস্কঃ আগামী ৪ অক্টোবর নোয়াখালীর ভাসানচর পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে এক লাখ রোহিঙ্গা পুনর্বাসনে নেয়া প্রকল্পটি এদিন উদ্বোধন করবেন তিনি। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের শরণার্থী সেলের প্রধান (অতিরিক্ত সচিব) মোহাম্মদ হাবিবুল কবীর চৌধুরী আজ সোমবার এ তথ্য জানান। ইতোমধ্যে গতকাল রবিবার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলোর প্রতিনিধিরা ভাসানচর পরিদর্শন করেছেন। শরণার্থী সেলের প্রধান বলেন, প্রধানমন্ত্রী আগামী ৪ অক্টোবর ভাসানচর পরিদর্শনে যাবেন। সেখানে যে স্ট্র্যাকচারগুলো হয়েছে সেগুলো তিনি উদ্বোধন করবেন। রোহিঙ্গাদের জন্য সেখানে থাকার ঘর নির্মাণ করা হয়েছে। সাইক্লোন সেল্টার, মালামাল রাখার গোডাউন তৈরি করা হয়েছে। বাঁধ নির্মাণ করা হয়েছে। সমুদ্র থেকে মালামাল নামানোর জন্য জেটি রয়েছে। প্রধানমন্ত্রী সবকিছু উদ্বোধন করবেন। তাকে সবকিছু দেখানো হবে। সেখানে এক লাখ রোহিঙ্গা থাকতে পারবেন জানিয়ে অতিরিক্ত সচিব বলেন, পুরো প্রকল্পের কাজের ৮০ ভাগ শেষ হয়েছে। বাংলাদেশ নৌবাহিনী প্রকল্পটি বাস্তবায়ন করছে। বাকি কাজও দ্রুত শেষ হয়ে যাবে বলে আশা করছি। আমরা তাদের সেখানে (ভাসানচর) নেয়ার আগে উদ্বুদ্ধ করব। রোহিঙ্গা নেতাদের নিয়ে গিয়ে দেখাব। আমরা বলব, তোমারা এখানে থাকলে ভালো থাকবা।

প্রকল্পটি ২০১৯ সালের ৩০ নভেম্বরে মধ্যে বাস্তবায়ন হবে। প্রকল্পের আওতায় রয়েছে, চরের ভূমি উন্নয়ন ও তীররক্ষা বাঁধ নির্মাণ, থাকছে এক হাজার ৪৪০টি ব্যারাক হাউস। আরও থাকবে ১২০টি সেল্টার স্টেশন, মসজিদ, দ্বীপটির নিরাপত্তার জন্য নৌবাহিনীর অফিস ভবন ও কর্মকর্তাদের জন্য বাসভবন। থাকছে অভ্যন্তরীণ সড়ক, পানি সরবরাহ ও নিষ্কাশন অবকাঠামো নির্মাণের পাশাপাশি প্রকল্প এলাকায় নলকূপ ও পুকুর। এ ছাড়া খাদ্য গুদাম, জ্বালানি ট্যাংক, হেলিপ্যাড, চ্যানেল মার্কিং ও মুরিং বয়া, বোট ল্যান্ডিং সাইট, মোবাইল ফোন টাওয়ার, রাডার স্টেশন, সিসিটিভি, সোলার প্যানেল, জেনারেটর ও বৈদ্যুতিক সাবস্টেশনও নির্মাণ করা হচ্ছে ভাসানচরে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন