
নিউজ ডেস্কঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে আজ রোববার সকাল আটটায়। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা রাজধানীর ঢাকা সিটি কলেজ কেন্দ্রে সকাল আটটায় তাঁর ভোটাধিকার প্রয়োগ করেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানমন্ডি সুধা সদনের ঠিকানায় ভোটার হওয়ায় তিনি এ কেন্দ্রে ভোট দেন। এ সময় ভোটকেন্দ্রে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। রাজধানীর ধানমন্ডি, হাজারীবাগ, নিউ মার্কেট এবং কলাবাগান থানা এলাকা নিয়ে ঢাকা-১০ সংসদীয় আসনের একটি ভোটকেন্দ্র ঢাকা সিটি কলেজ।
জাতীয় সংসদের এই আসনে নৌকা প্রতীকে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ফেরদৌস আহমেদ। ফেরদৌসের সঙ্গে এই আসনে বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) মো. বাহারানে সুলতান বাহার টেলিভিশন প্রতীকে, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের (মুক্তিজোট) শাহরিয়ার ইফতেখার ছড়ি প্রতীকে, জাতীয় পার্টির হাজি মো. শাহজাহান লাঙল প্রতীকে, ন্যাশনাল পিপলস পার্টির কে এম শামসুল আলম আম প্রতীকে লড়ছেন। উল্লেখ্য, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হচ্ছে না বলে চলতি ভোট বর্জন করেছে বিরোধী বিএনপি। সেই সঙ্গে ভোট বর্জনের জন্য প্রচার চালিয়েছে দলটি।