
নিউজ ডেস্ক: দেশের চালের বাজার তদারকিতে নেমেছে বানিজ্য মন্ত্রনালয়। কর্মসূচির অংশ হিসেবে গতকাল বেলা ১১টার দিকে যাত্রাবাড়ি চালের আড়তে খাদ্য মন্ত্রণালয়ের উপসচিব মো. লুৎফর রহমানের নেতৃত্বে একটি তদারকি দল এসে পৌঁছায় যাত্রাবাড়ী চালের আড়তে। তদারকি দলটি প্রথমে যায় জনপ্রিয় রাইস এজেন্সি নামের আড়তে। সেখানে টাঙানো তালিকার সঙ্গে চালের নমুনার মিল আছে কি না দেখেন। সব নমুনা চালের মধ্যে নাম ও দামসংবলিত কাগজ লাগানোর নির্দেশ দেন। এই আড়তে প্রতি কেজি আটাশ-১ জাতের চাল ৫৪ টাকা এবং আটাশ-২ চাল ৫১ টাকা কেজি দরে বিক্রি হচ্ছিল। তদারকি কর্মকর্তাদের প্রশ্নের জবাবে আড়তের মালিক নুরুল হক জানান, প্রতি কেজি আটাশ-২ জাতের চাল ৪৯ টাকায় কেনা, বিক্রি করছেন ৫১ টাকায়। আর ৫০ টাকায় কেনা আটাশ-১ চাল বিক্রি করছেন ৫৪ টাকায়।
তখন খাদ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা প্রশ্ন করেন, পরিবহন ব্যয়, শ্রমিকের মজুরি ও মুনাফা যোগ করার পর আটাশ-২ চাল ক্রয়মূল্যের সঙ্গে আরও ২ টাকা বাড়িয়ে বিক্রি করলেও আটাশ-১ চাল কেন কেজিতে ৪ টাকা বেশিতে বিক্রি করছেন? জবাবে আড়তমালিক বলেন, আটাশ-২ জাতের চাল দ্রুত বিক্রি হলেও আটাশ-১ চাল কম বিক্রি হয়। সে জন্য দাম কিছুটা বেশি। তবে মজার বিষয হচ্ছে খাদ্য মন্ত্রণালয়ের বাজার তদারকি দল যে আসবে, তা আগে থেকেই জানতেন এখানকার ব্যবসায়ীরা, তাই সবার সতর্ক দৃষ্টি ছিল রাস্তার দিকে।এবং সকল আড়তদারই নির্ধারিত সময়ের আগে সরকারি নির্দশনা মোতাবেক সঠিকভাবে মুল্য তালিকা ঝুলিয়ে রাখেন।