
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তান ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা কমাতে গতকাল বৃহস্পতিবার একটি ‘গঠনমূলক ভূমিকা’ পালনের প্রস্তাব দিয়েছে চীন। একে অপরের সীমান্ত পাড়ি দিয়ে বিমান হামলার জের ধরে ইরান ও পাকিস্তান উভয় দেশে বেসামরিক মানুষের মৃত্যু হয়েছে এবং এই উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। বৃহস্পতিবার ইরানি কর্মকর্তারা জানিয়েছেন, দেশটির সিস্তান ও বেলুচিস্তান প্রদেশে পাকিস্তানি বিমান হামলায় চার শিশু ও তিন নারীসহ বেশ কয়েকজন নিহত হয়েছেন।
পাকিস্তান দাবি করেছে, সন্ত্রাসী সংগঠনগুলোর দ্বারা ব্যবহৃত কয়েকটি আস্তানাকে লক্ষ্য তারা বিমান হামলা চালিয়েছে। তবে তেহরান সন্ত্রাসী আস্তানার বিষয়টি দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে। এর আগে পাকিস্তানের সীমান্তের ভেতরে প্রবেশ করে বিমান হামলা চালিয়েছিল ইরান। তারা দাবি করেছিল, জইশ আল-আদল নামে একটি সুন্নি সন্ত্রাসী গোষ্ঠীর আস্তানা লক্ষ্য করে ওই হামলা চালানো হয়। তবে এই হামলায় ২ শিশু নিহত হয়েছে বলে দাবি করেছে পাকিস্তান।