
নিউজ ডেস্কঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন একপাক্ষিক ও পাতানো বলে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবি যে বক্তব্য দিয়েছে সেটি নিয়ে রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।আওয়ামী লীগ এই বক্তব্য প্রত্যাখ্যান করলেও বিএনপি নেতারা বলছেন, টিআইবির বক্তব্যে ‘জনমতের প্রতিফলন’ ঘটেছে। প্রতিবেদন প্রত্যাখ্যান করে টিআইবিকে ধুয়ে দিয়েছেন আওয়ামী লীগ ও সরকারের প্রভাবশালী নেতারা। আর বিএনপির স্থায়ী কমিটির সদস্যসহ প্রভাবশালী নেতারা টিআইবিকে সমর্থন করেছেন। টিআইবির বক্তব্যের সমালোচনা করে বক্তব্য দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, তথ্য প্রতিমন্ত্রী ও দলের নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ এ আরাফাত।
অপরদিকে টিআইবির প্রতিবেদনকে সমর্থন করে বক্তব্য দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান ও ইকবাল হাসান মাহমুদ টুকু এবং দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। উল্লেখ্য দ্বাদশ সংসদ নির্বাচনকে ‘একপাক্ষিক ও পাতানো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ’ অ্যাখ্যা দিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবি বুধবার রিপোর্ট প্রকাশ করে বলেছে, এই নির্বাচন ভবিষ্যতের জন্য অশনিসংকেত। নির্বাচন ‘অবাধ ও অন্তর্ভূক্তিমূলক’ হয়নি বলেও মন্তব্য করে সংস্থাটি বলছে। আর এই রিপোর্টকে একপেশে, সরকারবিরোধী, অযৌক্তিক ও গোঁজামিলে ভরা বলে দাবি করে আওয়ামী লীগ নেতারা বলেছেন, বিএনপি যে ভাষায় কথা বলে, সেই ভাষায় টিআইবিও কথা বলে। বিএনপির ওকালতি করতেই এই রিপোর্ট দেওয়া হয়েছে।