
নিউজ ডেস্কঃ একদফা দাবিতে টানা আড়াই মাস আন্দোলনের পর এবার দলের তৃণমূলকে চাঙা করার উদ্যোগ নিয়েছে বিএনপি। সারা দেশের তৃণমূলের নেতাকর্মীকে চাঙ্গা করতে বিভাগীয় সমাবেশ করার চিন্তা করছে দলটি। এতে নেতাকর্মীরা সামনের দিনের আন্দোলনে আরও সক্রিয় হবেন বলে দলের শীর্ষ নেতারা মনে করছেন। এ ছাড়া কারাবন্দি নেতাদের মুক্ত করতে আইনি লড়াইয়ে জোর দিচ্ছেন দলটির হাইকমান্ড।
দলীয় সূত্রে জানা গেছে, জাতীয় নির্বাচনের পরপরই যুগপৎ আন্দোলনে থাকা সমমনা ৩৬টি দলের সঙ্গে ধারাবাহিক বৈঠক করে বিএনপি’র নীতি-নির্ধারণী ফোরামের নেতারা। এসব বৈঠকে তৃণমূল নেতাদের চাঙ্গা রাখতে কর্মসূচি দেয়ার জন্য বিএনপি নেতাদের প্রস্তাব দেন শরিক দলের নেতারা। সর্বশেষ বৃহস্পতিবার রাতে বিএনপি’র স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে বিভাগীয় সমাবেশ করার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে। শান্তিপূর্ণ সমাবেশে সর্বোচ্চসংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণ নিশ্চিতে আশপাশের জেলার নেতাদেরও প্রস্তুতি নিতে বলা হয়েছে।