
নিউজ ডেস্কঃ যোবায়ের ও সাদ পন্থিদের মিলেমিশে ইজতেমা করার অনুরোধ জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তাবলীগের সাথীরা এখানে আসেন ইবাদতের উদ্দেশ্যে, দ্বিনের কাজে। এখানে এসে বিশৃঙ্খলা করা ঠিক না। দুই পক্ষ যদি একসাথে মিলে কিংবা এক প্লেটে খেতেন, তা দেখে যেতে পারলে আমরা খুশি হতাম। আমাদের অনুরোধ আপনারা মিলেমিশে ইজতেমাটা সফল করেন।আমরা আশা করি আগামীতে এ মতবিরোধের নিরসন হবে। প্রতিবারের ন্যায় এবারও কয়েক ধাপে নিরাপত্তা ব্যবস্থা থাকছে। যে কোনো বিশৃঙ্খলা এড়াতে দুইটি পর্বে সাড়ে পাঁচ হাজার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিরাপত্তায় নিয়োজিত থাকছেন।গত বারের মতো এবারও বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শেষে যথা নিয়মে সাদ পন্থিদের কাছে ইজতেমা ময়দান হস্তান্তর করা হবে। তবে গত বছর বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শেষে ময়দানের আসবাবপত্রে ভাঙচুরের অভিযোগ রয়েছে।
অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক বলেন, ইজতেমার মুসল্লিদের জন্য দুর্ভোগ কমাতে বিকল্প রাস্তা হিসেবে ভোগড়া বাইপাস ৩০০ ফুটের রাস্তা কাজ বন্ধ রেখে যান চলাচল চালুর কথা বলেন। ধর্মমন্ত্রী ফরিদুল হক খান বলেন, অতীতের ভুলগুলো খেয়ালে আনতে হবে। ইজতেমায় দুই গ্রুপ হওয়ায় অসংগতি হচ্ছে। দুই গ্রুপের বিবেদ দুঃখজনক। জাহিদ আহসান রাসেল এমপি বলেন, অতীতের মতো এবারও সুন্দর হবে। একটা সময় টয়লেট সুবিধা চাননি। কিন্তু এখন এটার গুরুত্ব বুঝতে পারছেন। আমরা পানির সাপ্লাই নিশ্চিয়তা করতে পেরেছি।পুলিশের মহাপরিদর্শক আবদুল্লাহ আল মামুন বলেন, বিশ্ব ইজতেমা সফল করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।