
নিউজ ডেস্কঃ ব্যাংক থেকে টাকা তুলে বাড়িতে বা নিজের কাছে রাখার প্রবণতা আবার শুরু হয়েছে। ফলে মাঝেমধ্যেই তারল্য সংকটে পড়তে হচ্ছে দেশের বানিজ্যিক ব্যাংকগুলোকে। গত বছরের নভেম্বর মাসে এই প্রবণতা দেখা গেছে। ওই মাসে ব্যাংকের বাইরে থাকা টাকার পরিমাণ বেড়েছে ২ হাজার ৪৯৮ কোটি টাকা। এর আগে গত বছরের জুন মাসে হঠাৎ করে ব্যাংক ব্যবস্থার বাইরে টাকার পরিমাণ বেড়েছিল ৩৬ হাজার ৮৪ কোটি টাকা। এর পর থেকে তা কমে আসছিল। গত নভেম্বরে হঠাৎ করে ব্যাংকের বাইরে টাকার পরিমাণ বেড়ে যাওয়ার এই তথ্য পাওয়া গেছে বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যানে। এর কারণ সম্পর্কে খাত-সংশ্লিষ্টরা বলছেন, নির্বাচনে খরচের জন্য কেউ কেউ টাকা তুলে ঘরে নিয়ে রেখেছিলেন।
দেশে চলমান রাজনৈতিক ডামাডোল, মূল্যস্ফীতি বৃদ্ধি ও শীতের মৌসুমে পারিবারিক অনুষ্ঠানের কারণেও অনেকের মধ্যে ব্যাংক থেকে টাকা তোলার প্রবণতা বেড়েছিল। পাশাপাশি কয়েকটি শরিয়া ব্যাংকের অনিয়মের খবর প্রকাশিত হওয়ার কারণে কিছু আমানতকারীর মধ্যে আস্থার ঘাটতি তৈরি হয়। তবে জানুয়ারি মাসে সেই প্রবণতা অনেকটা কেটে গেছে। বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যানে দেখা গেছে, গত অক্টোবর মাসে ব্যাংকের বাইরে থাকা টাকার পরিমাণ ছিল ২ লাখ ৪৫ হাজার ৯৪৩ কোটি টাকা, যা নভেম্বরে বেড়ে হয় ২ লাখ ৪৮ হাজার ৪৪১ কোটি টাকা।