News71.com
 Bangladesh
 24 Jan 24, 12:23 PM
 146           
 0
 24 Jan 24, 12:23 PM

ঈদের আগে নয় পরে উপজেলা পরিষদ নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছে ইসি॥

ঈদের আগে নয় পরে উপজেলা পরিষদ নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছে ইসি॥

নিউজ ডেস্কঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের চেয়ে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন আরও সুষ্ঠু ও সুন্দর হবে বলে আশাবাদ জানিয়ে নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেছেন, ‘যেহেতু সামনে এসএসসি পরীক্ষা আছে, এর পরপরই রোজা শুরু হবে। রোজার মধ্যে নির্বাচন করা সম্ভব নয়। ঈদের পরপরই যাতে নির্বাচন হয়, আমরা সেইভাবে প্রস্তুতি নিচ্ছি। এপ্রিলের শেষ সপ্তাহ থেকে শুরু হয়ে ৩১ মের মধ্যে ধাপে ধাপে এই নির্বাচন শেষ করা হবে।’ গতকাল মঙ্গলবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। 

ইসি মো. আলমগীর আরও বলেন, ‘মনোনয়ন তোলা, জমা এগুলো হয়তো রোজার শেষের দিকে হবে। কিন্তু নির্বাচনী প্রচারণা, নির্বাচন ঈদের পরে হবে। উপজেলা নির্বাচন ইভিএমে হতে পারে আবার ব্যালটেও হতে পারে বা ব্যালট ও ইভিএমে মিক্সডও হতে পারে। এ ব্যাপারে এখনই চূড়ান্ত কিছু বলা যাচ্ছে না। কারণ ইভিএম কী পরিমাণ ব্যবহারযোগ্য, সেই হিসাবটা আমরা এখনো পাইনি। হিসাবটা পেলে আমরা এ বিষয়ে সিদ্ধান্ত নিতে পারব।’ তিনি বলেন, ‘নির্বাচনে সহিংসতা কেন হয় তা গবেষণার বিষয়। আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, ম্যাজিস্ট্রেট, নির্বাচনের কর্মকর্তারা থাকবেন, যাতে কোনো সহিংসতা না হয়। 

 

সংসদ নির্বাচনে যারা অংশগ্রহণ করেনি, উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণের জন্য তাদের প্রতি আপনারা আহ্বান জানাবেন কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘আমাদের আহ্বান থাকবে সব রাজনৈতিক দলের যাঁরা আছেন, তাঁরা নির্বাচনে অংশগ্রহণ করবেন। কারণ আমরা সংসদ নির্বাচন যেমন নিরপেক্ষভাবে সুষ্ঠু, সুন্দর করার চেষ্টা করেছি, স্থানীয় সরকার নির্বাচনেও একইভাবে সুষ্ঠু করার চেষ্টা করব। যেহেতু এটা কয়েকটা ধাপে হবে, সেখানে আমাদের কনসেন্ট্রেশনটা আরও বেশি থাকবে। সেগুলো আরও সুষ্ঠু হবে বলে আমরা আশা করি।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন