
নিউজ ডেস্ক: সচিবদের নিয়ে আজ সোমবার প্রথম বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এটি বর্তমান সরকারের আমলে প্রথম সচিব সভা।রেওয়াজ অনুযায়ী সচিব সভায় প্রধান অতিথি থাকেন প্রধানমন্ত্রী এবং মন্ত্রিপরিষদ সচিব এতে সভাপতিত্ব করেন। সোমবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সভা শুরু হবে। সচিব সভা আগে সচিবালয়েই হতো। মন্ত্রিসভার নিয়মিত বৈঠকগুলো এখন প্রধানমন্ত্রীর কার্যালয়ে হচ্ছে, তাই এবার সেখানেই সচিব সভা হচ্ছে। মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকের সভায় নতুন সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে জোর দেবেন। প্রতিটি মন্ত্রণালয়কে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারসংশ্লিষ্ট কাজ বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ নিতে বলা হবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট মন্ত্রী ও সচিবকে সমন্বয় করে কাজ করার নির্দেশনা দেবেন তিনি। সাধারণত সচিব সভায় সরকারের ৫৮টি মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের সঙ্গে বিভিন্ন দপ্তর বা সংস্থায় কাজ করা সচিব পদমর্যাদার কর্মকর্তারাও উপস্থিত থাকেন। বর্তমানে নিয়মিত ও চুক্তিভিত্তিক মিলিয়ে ৮৭ জন সচিব ও সিনিয়র সচিব রয়েছেন।
।