News71.com
 Bangladesh
 05 Feb 24, 10:06 PM
 167           
 0
 05 Feb 24, 10:06 PM

এস আলমের বিষয়ে দুদক–বিএফআইইউ এর অনুসন্ধানে কোন বাধা নেই॥

এস আলমের বিষয়ে দুদক–বিএফআইইউ এর অনুসন্ধানে কোন বাধা নেই॥

নিউজ ডেস্কঃ এস আলম গ্রুপের মালিক মোহাম্মদ সাইফুল আলম (এস আলম) ও তাঁর স্ত্রী ফারজানা পারভীনের অনুমতি ছাড়া বিদেশে বিনিয়োগ বা অর্থ স্থানান্তরের অভিযোগ বিষয়ে অনুসন্ধানে নিষ্ক্রিয়তা ও ব্যবস্থা নেওয়ার প্রশ্নে হাইকোর্টের দেওয়া স্বতঃপ্রণোদিত (সুয়োমটো) রুল খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন ছয় সদস্যের আপিল বিভাগ আজ সোমবার এ আদেশ দেন। গত বছরের ৪ আগস্ট ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারে “এস আলম’স আলাদিন’স ল্যাম্প” (এস আলমের আলাদিনের চেরাগ) শিরোনামে একটি প্রতিবেদন ছাপা হয়। এরপর গত ৬ আগস্ট হাইকোর্ট স্বতঃপ্রণোদিত রুলসহ আদেশ দেন।

আজ প্রকাশ্য আদালতের সংক্ষিপ্ত আদেশে বলা হয়েছে, হাইকোর্ট বিভাগের ইস্যু করা সুয়োমটো রুল ডিসচার্জড (খারিজ) করা হলো। যা–ই হোক এ বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়ায় দুর্নীতি দমন কমিশন (দুদক), বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট(বিএফআইইউ) ও বাংলাদেশ ব্যাংকের বাধা হবে না।হাইকোর্টের আদেশের বিরুদ্ধে এস আলম ও তাঁর স্ত্রী ফারজানা পারভীনের করা আবেদন (লিভ টু আপিল) নিষ্পত্তি করে এ আদেশ দেওয়া হয়। তবে সংশ্লিষ্ট আইনজীবীরা বলছেন, বিএফআইইউ ও দুদক চাইলে এখন ওই অভিযোগ অনুসন্ধান করতে পারে।

আবেদনকারীদের আইনজীবী আহসানুল করিম সংবাদমাধ্যমকে বলেন, ‘সুয়োমটো রুল খারিজ হওয়ায় হাইকোর্টের অন্তর্বর্তীকালীন আদেশ থাকছে না। তবে দুদক ও বিএফআইইউ যদি মনে করে তাহলে আইন অনুসারে অনুসন্ধান কার্যক্রম চালাতে বাধা নেই।’ শুনানির বিষয়ে আইনজীবী আহসানুল করিম আরও বলেন, ‘হাইকোর্টের রুলে এস আলম ও তাঁর স্ত্রীকে বিচার হওয়ার আগেই অর্থ আত্মসাৎকারী ও পাচারকারী হিসেবে দোষী সাব্যস্ত করা হয়েছে। এ ক্ষেত্রে এস আলম ও তাঁর স্ত্রীর বক্তব্যও শোনা হয়নি। তাই রুল ভ্রান্ত ধারণাপ্রসূত ও খারিজযোগ্য, শুনানিতে বলেছি।’

পরে আইনজীবী সৈয়দ সায়েদুল হক বলেন, ‘হাইকোর্টের আদেশে এস আলম ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে ওঠা অভিযোগ অনুসন্ধান করে দুই মাসের মধ্যে প্রতিবেদন দেওয়ার নির্দেশ ছিল। আজকের আদেশের ফলে হাইকোর্টের এই নির্দেশ থাকছে না। তবে দুদক ও বিএফআইইউ নিজে চাইলে নিজ উদ্যোগে অনুসন্ধান করতে পারবে।’ আর দুদকের আইনজীবী খুরশীদ আলম খান বলেন, আপিল বিভাগের আদেশের ফলে এস আলম ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে ওঠা ওই অভিযোগের বিষয়ে দুদকের স্বাধীনভাবে অনুসন্ধান করতে আইনগত বাধা নেই।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন