
নিউজ ডেস্কঃ দ্বাদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনগুলোর তফসিল আগামীকাল মঙ্গলবার ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। সোমবার (৫ ফেব্রুয়ারি) সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। ইসির অতিরিক্ত সচিব বলেন, ‘আগামীকাল (মঙ্গলবার) সংরক্ষিত নারী আসনগুলোর বিষয়ে প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে বৈঠক হবে। বৈঠকে মনোনয়নপত্র দাখিল, যাচাই-বাছাই, চূড়ান্ত প্রার্থী ও ভোটগ্রহণের দিন-তারিখ ঠিক করবে নির্বাচন কমিশন।
বৈঠকের পরে ৫০ সংরক্ষিত নারী আসনের ভোটের তফসিল ঘোষণা করা হবে।’ নির্বাচনের বিধি অনুযায়ী, সরাসরি ভোটে জয়ী দলগুলোর আসনসংখ্যার অনুপাতে নারী আসন বণ্টন করা হয়। ৯ জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশ করেছে ইসি। এবার ৯০ দিনের মধ্যে অর্থাৎ আগামী ৭ এপ্রিলের মধ্যে সংসদের সংরক্ষিত নারী আসনের ভোট করতে হবে। এ ভোট সংরক্ষিত আসনের প্রার্থীদের ভোট দেবেন সাধারণ আসনে নির্বাচিত সংসদ সদস্যরা।