
নিউজ ডেস্কঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সরকারবিরোধী আন্দোলনের জন্য নতুন করে প্রস্তুতি নিচ্ছে ইসলামি দলগুলো। সরকারের পদত্যাগ, দ্রব্যমূল্য কমানোর দাবির পাশাপাশি নতুন ইস্যু যুক্ত হচ্ছে সেই আন্দোলনে। ইতিমধ্যে নতুন শিক্ষাক্রমকে দেশের ‘ইতিহাস, ঐতিহ্য ও ধর্মীয় চিন্তাচেতনাবিরোধী’ শিক্ষাক্রম উল্লেখ করে তা বাতিলের দাবি জানিয়েছে বিভিন্ন ইসলামি দল ও সংগঠন। চলছে সভা, সমাবেশ, মতবিনিময়, মানববন্ধন।
দেশে নিবন্ধিত ১১টি ইসলামপন্থী দলের মধ্যে ৭টি এবারের নির্বাচনে অংশ নিলেও বর্জন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ও বাংলাদেশ খেলাফত মজলিস। নির্বাচন বর্জনকারী দলগুলো নির্বাচনের পরও সরকারের পদত্যাগ, অবৈধ সংসদ বাতিল করে আবার সংসদ নির্বাচনের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে। এসব দলের নেতারা বলছেন, ভবিষ্যতে সরকারের পদত্যাগের দাবির সঙ্গে বিভিন্ন জনদাবি যোগ করে আন্দোলনের পরিধি বৃদ্ধি করতে চান তাঁরা। এমন পরিপ্রেক্ষিতে এই দলগুলোর অন্যতম লক্ষ্য নতুন শিক্ষাক্রম।