News71.com
 Bangladesh
 06 Feb 24, 09:09 PM
 168           
 0
 06 Feb 24, 09:09 PM

সীমান্ত-নিরাপত্তা ও সার্বভৌমত্ব হুমকির মুখে ফেলেছে সরকার॥মিয়ানমার ইস্যুতে বিএনপি

সীমান্ত-নিরাপত্তা ও সার্বভৌমত্ব হুমকির মুখে ফেলেছে সরকার॥মিয়ানমার ইস্যুতে বিএনপি


নিউজ ডেস্কঃ মিয়ানমার সীমান্তে বিরাজমান পরিস্থিতি এবং এ ব্যাপারে সরকারের ভূমিকা নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছে বিএনপি। দলটির স্থায়ী কমিটির সিদ্ধান্তের কথা জানিয়ে আজ মঙ্গলবার বিকেলে গণমাধ্যমে এ বিষয়ে বিবৃতি দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিবৃতিতে বলা হয়েছে, মিয়ানমার ইস্যুতে রাষ্ট্রীয়ভাবে তীব্র প্রতিবাদ জানানো ও কার্যকর রাজনৈতিক কার্যক্রমের মাধ্যমে পরিস্থিতি মোকাবিলার পরিবর্তে শুধু ধৈর্য ও সংযম প্রদর্শনের অবস্থান গ্রহণ করেছে সরকার। একে সরকারের নতজানু পররাষ্ট্রনীতির বহিঃপ্রকাশ বলে গভীর উদ্বেগ জানিয়েছে বিএনপির জাতীয় স্থায়ী কমিটি।

বিবৃতিতে আরও বলা হয়, সরকার সীমান্ত অরক্ষিত রেখে অতীতের মতো অন্তঃসারশূন্য যে বক্তব্য দিচ্ছে, তাতে রাষ্ট্রের স্বাধীনতা-সার্বভৌমত্ব বড় ধরনের ঝুঁকির মুখোমুখি হতে পারে।বিবৃতিতে রিজভী বলেন, জনসমর্থনহীন সরকার সীমান্ত-নিরাপত্তা ও স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে ফেলে দিয়েছে। দেশের সীমান্ত ও স্থানীয় মানুষের নিরাপত্তায় পদক্ষেপ না নিয়ে সংসদে আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, মিয়ানমারের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে সরকার। বাংলাদেশের সশস্ত্র বাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) ধৈর্য ধারণ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্তমান আওয়ামী লীগ সরকার অনির্বাচিত ও অপদার্থ বলেই সাহস করে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে পারছে না।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন