News71.com
 Bangladesh
 08 Feb 24, 12:23 PM
 114           
 0
 08 Feb 24, 12:23 PM

ভারতের সাথে দ্রুত তিস্তার পানিবণ্টন চুক্তি চায় বাংলাদেশ॥

ভারতের সাথে দ্রুত তিস্তার পানিবণ্টন চুক্তি চায় বাংলাদেশ॥

নিউজ ডেস্কঃ সম্ভাব্য দ্রুততম সময়ের মধ্যে তিস্তার পানিবণ্টন চুক্তি সই করতে ভারতকে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ। গঙ্গার পানিবণ্টন চুক্তি নবায়নের বিষয়েও বাংলাদেশ জোর দিয়েছে। গতকাল বুধবার নয়াদিল্লির হায়দরাবাদ হাউসে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে বাংলাদেশ এ অনুরোধ জানায়। এদিকে বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব আরো জোরদারের বার্তা দিয়েছে ভারত। গতকালের বৈঠক প্রসঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. সুব্রামানিয়াম জয়শঙ্কর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক বার্তায় লিখেছেন, বৈঠকের আলোচনা দুই দেশের বন্ধুত্বকে আরো শক্তিশালী করবে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বৈঠকে উভয় পক্ষ বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের মধ্যে সহযোগিতা জোরদারে সম্মত হয়েছে। সীমান্তে মৃত্যুর সংখ্যা কমাতে প্রাণঘাতী নয় এমন অস্ত্র ব্যবহারেও উভয় পক্ষ সম্মত হয়। বৈঠকে বাংলাদেশ পণ্য রপ্তানিতে শুল্ক ও অশুল্ক বাধা প্রত্যাহারের অনুরোধ জানিয়েছে। বিশেষ করে, পবিত্র রমজান মাসে প্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর মূল্য স্থিতিশীল রাখতে নির্বিঘ্ন সরবরাহ নিশ্চিত করার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ। সংশ্লিষ্ট সূত্রগুলো বলেছে, বৈঠকে মিয়ানমার সীমান্ত পরিস্থিতি বিশেষ গুরুত্ব পেয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন