
নিউজ ডেস্কঃ সরকারের ধৈর্য ধরার প্রসঙ্গ তুলে চুন্নু বলেন, ‘আমরা ধৈর্য ধরব ঠিক আছে, কিন্তু ধৈর্য আমরা কতটুকু ধরব? আমরা যদি কার্যকর কোনো জরুরী কূটনৈতিক পদক্ষেপ না নিই, তাহলে আমাদের জন্য একটা বড় সমস্যা হয়ে যাবে।’ বুধবার জাতীয় সংসদে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে জাপার মহাসচিব এ কথা বলেন। এর আগে গত সোমবার সংসদে আইনমন্ত্রী আনিসুল হক জানান, মিয়ানমার ইস্যুতে বাংলাদেশের সশস্ত্র বাহিনী ও বিজিবিকে (বর্ডার গার্ড বাংলাদেশ) ধৈর্য ধারণ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ সংসদে মুজিবুল হক চুন্নু বলেন, ‘মিয়ানমারে সংঘাত চলছে। আমাদের এমনই অবস্থা যে, ওখান থেকে গুলি এসে আমাদের দুজন কিন্তু মারা গেছে। ২৬৪ জন (এ প্রতিবেদন লেখার সময় ৩০০ ছাড়িয়ে গেছে) মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর সদস্য অস্ত্রসহ বাংলাদেশের মধ্যে ঢুকতে বাধ্য হয়েছেন। তাঁরা সারেন্ডার করেছেন, তাঁরা আমাদের বিজিবির তত্ত্বাবধানে আছেন। প্রশ্ন হলো, আরাকানদের সঙ্গে যুদ্ধটা যেভাবে শুরু হয়েছে তাতে মনে হচ্ছে এটি অনেক লম্বা হবে। যদি তাই হয়, তাহলে আমরা যে ১২ লাখ রোহিঙ্গা আছে তাদের ব্যাক করানোর বিষয়টি অনেকটা অনিশ্চিত অবস্থায় চলে আসছে।’