News71.com
 Bangladesh
 13 Feb 24, 05:03 PM
 109           
 0
 13 Feb 24, 05:03 PM

বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি বজায় রাখা বড় চ্যালেঞ্জ : ডিসিসিআই সভাপতি

বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি বজায় রাখা বড় চ্যালেঞ্জ : ডিসিসিআই সভাপতি

নিউজ ডেস্কঃ চলতি বছরে বেসরকারি খাতের ঋণের প্রবৃদ্ধি বজায় রাখা হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ডলারের বিপরীতে টাকার মূল্য কমে যাওয়ায় চলতি মূলধনের চাহিদা ৩০ থেকে ৪০ শতাংশ বেড়ে গেছে। অথচ বাংলাদেশ ব্যাংক মাত্র ১০ শতাংশ ঋণ প্রবৃদ্ধির লক্ষ্য ঠিক করেছে। এ অবস্থায় চলতি মূলধনের চাহিদা পূরণ করাই হবে বড় চ্যালেঞ্জ। এর সমাধান করা না গেলে  খরচ কমাতে হবে। এতে করে উৎপাদনে প্রভাব পড়ে। উৎপাদন কমলে প্রবৃদ্ধি প্রভাব পড়বে। এছাড়াও কর্মসংস্থান সংকুচিত হবে। আমরা সরকারের সঙ্গে কাজ করছি যেন ক্রেডিট ফ্লো-টা বাড়ানো যায়। এতে অর্থনীতি গতিশীলতা ধরে রাখা সম্ভব।

মঙ্গলবার ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরাম (সিএমজেএফ) আয়োজিত 'সিএমজেএফ টক’ অনুষ্ঠানে অংশ  নিয়ে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি আশরাফ আহমেদ এসব কথা বলেন। রাজধানীর পুরানা পল্টনে সিএমজেএফ অডিটোরিয়ামে অনুষ্ঠানটির আয়োজন করা হয়। সিএমজেএফের সাধারণ সম্পাদক আবু আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সভাপতি গোলাম সামদানী ভূঁইয়া। ডিসিসিআই সভাপতি বলেন, ২০৩০ সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতির দেশ হবে বাংলাদেশ। এ লক্ষ্য অর্জন করতে হলে অর্থনীতির আকার আড়াইগুণ বাড়াতে হবে। এই চ্যালেঞ্জ মোকাবিলায় অনেক কিছু করতে হবে। গত দেড়-দুই বছরে অনেকগুলো চ্যালেঞ্জের মধ্য দিয়ে গেছে আমাদের ইকোনমি ও বিশ্ব ইকোনমি। তিনি বলেন, দেশে এখন ডলারের সংকট রয়েছে। ব্যাংকগুলোর কাছে যথেষ্ট পরিমাণ ডলার লিকুইডিটি নেই। এজন্য আমদানির সমস্যার সমাধান হচ্ছে না। আমদানি কমলে উৎপাদনের ওপর বড় ধরণের প্রভাব পড়ে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন