
নিউজ ডেস্কঃ দেশের ৩৪৪টি উপজেলায় কোন ধাপে কোনটির ভোটগ্রহণ হবে সেই তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এসব উপজেলা ঢাকা, রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল ও ময়মনসিংহ অঞ্চলে অবস্থিত। সিলেট ও চট্টগ্রাম অঞ্চলের তালিকা পরে প্রকাশ করার কথা জানিয়েছে ইসি। বুধবার সন্ধ্যায় ইসির ওয়েসবাইটে এ তালিকা প্রকাশ করা হয়।
এর আগে নির্বাচন কমিশন প্রথম ধাপের উপজেলা নির্বাচন ৪ মে, দ্বিতীয় ধাপে ১১ মে, তৃতীয় ধাপে ১৮ মে এবং চতুর্থ ধাপে ২৫ মে ভোটগ্রহণের তারিখ জানিয়েছিল। এবার ওই তারিখে কোন কোন উপজেলায় ভোটগ্রহণ হবে তা জানাল। ওই তালিকায় এক জেলার সব উপজেলায় একই ধাপে ভোটগ্রহণের জন্য রাখা হয়নি। অর্থাৎ প্রতিটি জেলায় একাধিক ধাপে উপজেলাগুলোতে ভোট হবে।
ইসি ঘোষিত তালিকা অনুযায়ী, রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল, ঢাকা ও ময়মনসিংহ অঞ্চলে প্রথম ধাপে ১০৮টি, দ্বিতীয় ধাপে ১২১, তৃতীয় ধাপে ৭৭ ও চতুর্থ ধাপে ৩৮টি উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। দেশে বর্তমানে ৪৯৫টি উপজেলা রয়েছে।