
নিউজ ডেস্কঃ আসন্ন উপজেলা পরিষদ, সিটি করপোরেশন ও পৌরসভা নির্বাচনে দলীয় প্রার্থী মনোনয়নে এবার ভিন্ন কৌশল অবলম্বন করতে যাচ্ছে আওয়ামী লীগ। দলটির পক্ষ থেকে এবার আগেভাগেই ঘোষণা দেয়া হয়েছে স্থানীয় নির্বাচনে কাউকে দলীয় প্রতীক দেয়া হবে না। মূলত দুটি কারণে এ ধরনের সিদ্ধান্ত নিয়েছে দলটি। প্রথম কারণ হলো- সাংগঠনিক বিশৃঙ্খলা এড়ানো ও দ্বিতীয় কারণ স্থানীয় নির্বাচনকে উৎসবমুখর ও অংশগ্রহণমূলক করা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রতীকের পাশাপাশি প্রার্থী উন্মুক্ত করে দেয়ায় সাংগঠনিকভাবে আওয়ামী লীগ মিশ্র অভিজ্ঞতা সঞ্চয় করেছে। সে অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবার ভিন্ন কৌশল নেয়া হয়েছে। দলটির বেশ কয়েকজন নীতিনির্ধারক মানবজমিনকে বলেন, জাতীয় নির্বাচনের পরে দেখেছি অনেক জায়গায় দলীয় কোন্দল চরমে গিয়ে পৌঁছেছে। সেসব কোন্দল মেটাতে গিয়ে সাংগঠনিক সম্পাদকদের হিমশিম খেতে হচ্ছে। কোনো কোনো জায়গার কোন্দল তো দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ পর্যন্ত গেছে। তাই এবার স্থানীয় নির্বাচনগুলোতে দলীয় প্রতীক নৌকা না থাকলেও দলের সমর্থিত প্রার্থী থাকবে। অর্থাৎ এলাকায় যারা জনপ্রিয় ও ইতিবাচক ভাবমূর্তি রয়েছে তাদের সাংগঠনিকভাবে সমর্থন দেবে আওয়ামী লীগ।
যুক্তি তুলে ধরে দলের নেতারা জানান, সাংগঠনিকভাবে যদি কাউকে সমর্থন দেয়া হয় তাহলে সেখানে বিরোধ হওয়ার সম্ভাবনা কম হবে। এখন জাতীয় নির্বাচনের পর প্রত্যেক এলাকায় স্থানীয় এমপি নির্বাচিত হয়েছেন। তাদের বলয়ও যেনো কম থাকে বা বিরূপ প্রভাব না থাকে সে বিষয়টিও গুরুত্বসহকারে দেখা হচ্ছে। তারা জানান, দলীয় প্রতীক না থাকলেও সাংগঠনিক সমর্থন থাকায় নির্বাচন আরও বেশি উৎসবমুখর হবে বলে দলীয়ভাবে ধারণা করা হচ্ছে। পাশাপাশি বিরোধ কমার সম্ভাবনাও রয়েছে। এসব নির্বাচনে ১৪ দলীয় জোটের শরিকদের সঙ্গে কোনো সমঝোতাও করবে না ক্ষমতাসীনরা। বরং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের স্বার্থে জাতীয় নির্বাচনের মতোই জোট শরিকদের সবাইকে প্রার্থী দিতে উৎসাহ দেবে। জোট শরিকরাও নির্বাচনগুলোতে নিজেদের মতো আলাদাভাবে অংশগ্রহণের প্রস্তুতি শুরু করেছে।