
নিউজ ডেস্কঃ গ্যাস সংকট নিরসনসহ চার দফা দাবিতে সিলেটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে। এই ধর্মঘটের ফলে স্থবির পুরো সিলেট। রাস্তাঘাটে যানবাহন কম। এতে করে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। এদিকে সমস্যা সমাধানে বেলা দুইটায় আন্দোলনকারীদের সঙ্গে বৈঠক ডেকেছেন সিলেটের জেলা প্রশাসক। জানা গেছে, বুধবার ভোর ছয়টা থেকে শুরু হয় অনির্দিষ্টকালের এই কর্মবিরতি। এতে করে সকাল থেকেই সিলেটের সড়কগুলো অনেকটা ফাঁকা। বিচ্ছিন্নভাবে কিছু যানবাহন চলাচল করছে। তবে সিলেট থেকে দূরপাল্লার কোনো যাত্রীবাহী বাস ছেড়ে যায়নি। বিভিন্ন পয়েন্টে পরিবহন শ্রমিকরা পিকেটিং ও স্লোগান দিয়ে মিছিল করছেন।
প্রাইভেট গাড়ি কর্মবিরতির আওতামুক্ত থাকলেও অনেকস্থানে সেগুলোর চলাচলে বাধা দেওয়ারও অভিযোগ পাওয়া গেছে। সরেজমিন নগরের বিভিন্ন এলাকা ও দক্ষিণ সুরমা উপজেলা ঘুরে দেখা গেছে, সীমিত পরিসরে যানবাহন চলাচলাচল করায় সড়কগুলো ফাঁকা। নগরের দক্ষিণ সুরমার কেন্দ্রীয় বাস টার্মিনালে বাসগুলো দাঁড় করিয়ে রাখা। কোনো বাস গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়নি। অনেক যাত্রী বাস টার্মিনাল এলাকায় গিয়েও গন্তব্যে না যেতে পেরে ফিরে যাচ্ছেন। নগরের হুমায়ুন রশীদ চত্বর এলাকায় দেখা গেছে, অনেকে যানবাহনের জন্য ঘণ্টারও বেশি সময় ধরে অপক্ষা করছেন। যানবাহন না পেয়ে অনেকে মোটরসাইকেলে করে গন্তব্যে পৌছাঁর চেষ্টা করছেন।