
আন্তর্জাতিক ডেস্কঃ ইরানের সাথে যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধ যখন তৃতীয় মাসে গড়িয়েছে, তখন ডোনাল্ড ট্রাম্পের ছেলেদের মালিকানাধীন একটি প্রতিষ্ঠান থেকে ড্রোন কেনার চুক্তিতে সই করেছে মার্কিন বিমানবাহিনী। ফ্লোরিডাভিত্তিক প্রতিরক্ষা সরঞ্জাম প্রস্তুতকারক কোম্পানি ‘পাওয়ারাস’ (Powerus) এই চুক্তির বিষয়টি নিশ্চিত করেছে। প্রেসিডেন্ট ট্রাম্পের পরিবারের সাথে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সাথে সামরিক বাহিনীর এই বাণিজ্যিক সম্পর্ক নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
অ্যারিজোনার একটি ঘাঁটিতে ড্রোনের কার্যকারিতা প্রদর্শনের পর পেন্টাগন এই ক্রয়ের সিদ্ধান্ত নেয়। পাওয়ারাস-এর সহ-প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট ব্রেট ভেলিকোভিচ জানান, এটি মূলত একটি ইন্টারসেপ্টর ড্রোন, যা আকাশে শত্রুপক্ষের ড্রোন শনাক্ত করে সেটিকে ধ্বংস করতে সক্ষম। তবে গোপনীয়তার স্বার্থে ঠিক কতগুলো ড্রোন কেনা হচ্ছে বা এই চুক্তির আর্থিক মূল্য কত, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি প্রতিষ্ঠানটি। সাধারণত নতুন কোনো যুদ্ধাস্ত্র মোতায়েনের আগে মার্কিন সামরিক বাহিনী এ ধরনের প্রাথমিক চুক্তিতে অংশ নেয়।