
আন্তর্জাতিক ডেস্কঃ কানাডা ভূমিকম্পে ব্যাপক ক্ষতিগ্রস্ত ভেনেজুয়েলার দুর্গত মানুষের জন্য প্রাথমিকভাবে ৩৫ লাখ ডলার মানবিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) দেশটির পররাষ্ট্রমন্ত্রী অনিতা আনন্দ এ তথ্য জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে অনিতা আনন্দ বলেন, এই অর্থের মাধ্যমে বিশ্বস্ত অংশীদার সংস্থাগুলো জরুরি খাদ্য, বিশুদ্ধ পানি, স্বাস্থ্যসেবা, স্যানিটেশন, সুরক্ষা ও অন্যান্য জীবনরক্ষাকারী সহায়তা দুর্গত এলাকায় পৌঁছে দেবে।
তিনি আরও বলেন, ভেনেজুয়েলায় ভূমিকম্পের যে ভয়াবহ ধ্বংসযজ্ঞ হয়েছে, তা দেখে হৃদয় বিদারক। প্রসঙ্গত, গত বুধবার (২৪ জুন) এক মিনিটেরও কম সময়ের ব্যবধানে দেশটিতে পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। প্রথমটির মাত্রা ছিল ৭.২ এবং দ্বিতীয়টি ছিল আরও শক্তিশালী ৭.৫ মাত্রার। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, দ্বিতীয় ভূমিকম্পটি প্রথমটির মাত্র ৩৯ সেকেন্ড পর আঘাত হানে।