
আন্তর্জাতিক ডেস্ক : ইরাক ও সিরিয়ায় ২০১৪ সাল থেকে ইসলামিক স্টেট (আইএস) এর বিরুদ্ধে চালানো মার্কিন বিমান হামলায় ১শ’ ১৯ জন বেসামরিক লোকের প্রাণহানি হতে পারে।
বুধবার মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন এ কথা জানিয়েছে।মানবাধিকার সংস্থাগুলো এই হামলায় দেশ দু’টিতে নিহতের যে সংখ্যা অনুমান করেছিল তার চেয়ে পেন্টাগনের এই সংখ্যাটি অনেক কম।মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক কমান্ড সেন্টকম এই পরিসংখ্যানমূলক প্রতিবেদনটি প্রকাশ করেছে।এই অভিযান সম্পর্কে প্রাপ্ত প্রতিবেদন, তথ্য ও নথিপত্রগুলো মাসব্যাপী খুঁটিয়ে যাচাই, পরীক্ষা ও পর্যালোচনা করার পর এ কথা জানানো হয়েছে।
পেন্টাগন আরো জানিয়েছে, দেশ দুটিতে ২৪ দফা বিমান হামলা চালানো হয়েছে।এদিকে লন্ডন ভিত্তিক এনজিও এয়ারওয়েজ জানিয়েছে, ২০১৪ সালের আগস্ট মাসে দেশ দুটিতে ইসলামিক স্টেটকে ধ্বংস করার জন্য যে বিমান হামলা শুরু হয় তাতে এখন পর্যন্ত আনুমানিক ১ হাজার ৭৮৭ বেসামরিক লোক প্রাণ হারিয়েছে।কর্নেল জন থমাসের উদ্ধৃতি দিয়ে সেন্টকমের ওই বিবৃৃতিতে বলা হয়, ‘অনিচ্ছাকৃতভাবে বেসামরিক মানুষ যেন এই হামলায় মারা না যায় সতর্কভাবে তার প্রতি লক্ষ্য রাখার জন্য আমাদের বেশ কয়েকটি দল সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে।’জোট বাহিনীর পক্ষ থেকে যে বিমান হামলা চালানো হয় যুক্তরাষ্ট্র তার ৮০ শতাংশ হামলা পরিচালনা করে।
যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছে, তারা বেসামরিক হতাহত হ্রাসে বিশেষভাবে নিয়ন্ত্রিত সমরাস্ত্র ব্যবহার করে।আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে, জোট বাহিনীর বিমান হামলায় শুধু সিরিয়াতেই অন্তত ৩শ’ বেসামরিক লোক প্রাণ হারিয়েছে।
যুক্তরাষ্ট্র ২০১৫ সালের শেষ দিকে ইরাকের মসুল ও সিরিয়ার রাকায় ইসলামিক স্টেট এর ঘাঁটিতে হামলা জোরদার করে। এতে মৃতের সংখ্যা দ্রুত বেড়ে যায়।