
আন্তর্জাতিক ডেস্ক : তেহরানে ব্যাপক দূষণের কারণে সোমবার স্কুল বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। শহরটিতে শীত মৌসুমের শুরুতে এ দূষণ দেখা দিয়েছে।রোববার নগরীটি ধূসর-সাদা ধোঁয়াশার চাদরে ঢাকা ছিল। ধোঁয়াশায় ঢেকে যাওয়ায় নগরীর উত্তর প্রান্তে অবস্থিত পর্বতমালা দৃষ্টিসীমার বাইরে চলে গেছে। বৈরী আবহাওয়া জীবনযাত্রায়ও প্রভাব ফেলেছে এবং এর ১ কোটি ৪০ লাখ বাসিন্দা ঘরে থাকতে বাধ্য হচ্ছে। বাইরে বেরুবার দরকার হলে তারা বিশেষ ধরনের মুখোশ পরে বের হচেছ।সোমবার বাতাসে বায়ু দূষণকারী পিএম ২.৫ কণিকার মাত্রা ১৫৬ তে পৌঁছেছে। এটা বিশ্ব স্বাস্থ্য সংস্থা নির্ধারিত নিরাপদ মাত্রার চেয়ে ৩গুণ বেশি।শিক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে রাষ্ট্রীয় সংস্থা ইরনা জানিয়েছে, ‘বৈরী আবহাওয়ার কারণে সোমবার তেহরান ও প্রদেশের অধিকাংশ নগরীর কিন্ডারগার্টেন ও প্রাথমিক স্কুলগুলো বন্ধ রাখা হয়েছে।’
কর্মকর্তারা নগরীর মধ্যাঞ্চলের দুটি অংশের কোন কোন এলাকায় প্রাইভেট কার চলাচল বন্ধ করে দিয়েছে। কর্তৃপক্ষ সবচেয়ে দূষিত হয়ে পড়া ওই সব ব্যস্ততম স্থানে অ্যাম্বুলেন্স মোতায়েন করেছে।তেহরানের মেয়র মোহাম্মাদ বাগের গালিবাফ রোববার মেট্রোবাসে চড়ে অফিসে যান। মানুষকে গণপরিবহনে চড়তে উৎসাহিত করার জন্য তিনি এ কাজ করেন।গালিবাফ বলেন, সরকারি অর্থে পরিচালিত মেট্রো পরিবহণগুলো নগরীর চাহিদা মেটাবার জন্য যথেষ্ট নয়। যদিও মেট্রোর ১শ’টি স্টেশন রয়েছে। উল্লেখ্য, তেহরান বিশ্বের সবচেয়ে ভয়াবহতম যানজটের নগরী।এদিকে বায়ু দূষণের কারণে খুব প্রয়োজন ছাড়া বাসিন্দাদের ঘরের বাইরে না বের হবার পরামর্শ দেয়া হয়েছে। এছাড়া বায়ু দূষণের এ মাত্রা বয়স্ক, অন্তঃস্বত্ত্বা, শিশু এবং যাদের শ্বাসকষ্ট ও হৃদরোগ রয়েছে তাদের জন্য অত্যন্ত বিপজ্জনক হতে পারে বলে সতর্ক করা হয়েছে।আবহাওয়া অফিস বলছে, বুধবার পর্যন্ত এ অবস্থা অব্যহত থাকবে।বুধবার শক্তিশালী বায়ু প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এতে ধোঁয়াশা কেটে যাবে বলে আশা করা হচ্ছে।