News71.com
 International
 09 Jun 19, 08:11 PM
 123           
 0
 09 Jun 19, 08:11 PM

পশ্চিমবঙ্গে তৃণমূল-বিজেপি সংঘর্ষে নিহত ৪॥ রিপোর্ট চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

পশ্চিমবঙ্গে তৃণমূল-বিজেপি সংঘর্ষে নিহত ৪॥ রিপোর্ট চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের পশ্চিমবঙ্গে তৃণমূল-বিজেপি সংঘর্ষে ৪ জন নিহত ও বেশ কয়েকজন নিখোঁজ হয়েছেন। রক্তক্ষয়ী ওই ঘটনাকে কেন্দ্র করে বিজেপির সর্বভারতীয় সভাপতি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রিপোর্ট চেয়েছেন। আজ রোববার বিজেপির এক প্রতিনিধিদল দিল্লি গিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অভিযোগ জানাবেন। গতকাল শনিবার রাতে বিজেপির পক্ষ থেকে অমিত শাহকে প্রাথমিক রিপোর্ট পাঠানো হয়েছে।  তৃণমূলের অভিযোগ, গতকাল শনিবার বিকেলে সন্দেশখালির ন্যাজাট থানার হাটগাছিতে দলীয় কর্মীসভায় আচমকা বিজেপি কর্মীরা হামলা চালায়। এসময় তৃণমূল কর্মী কাইয়ুম মোল্লাকে (২৬) লক্ষ্য করে গুলি চালানো হয়। তার মৃত্যু নিশ্চিত করতে যে ঘরে কর্মীসভা হচ্ছিল, সেখান থেকে তাকে টেনে বের করে নিয়ে এসে কোপানো হয়।

উত্তর ২৪ পরগণা জেলা তৃণমূলের সভাপতি ও রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, তৃণমূলের সক্রিয় কর্মী কাইয়ুম মোল্লাকে গুলি করে ও কুপিয়ে খুন করা হয়েছে। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আমার কর্মী যদি মারা যায় তাহলে আমি কিন্তু ছাড়ব না। এই কিন্তু আরম্ভ হল সন্দেশখালি দিয়ে। তিন দিন আগে তিন এমপি (বিজেপি) গিয়েছিল ওই এলাকায়। তারা যেয়ে ওখানে উসকানি দিয়েছেন তৃণমূল কংগ্রেস দেখলেই মারো, গুলি করো। বিজেপি নেতা সায়ন্তন বসু থেকে শুরু করে সবাই বলছেন পায়ে গুলি করে দাও, মাথায় গুলি করো, বুকে গুলি করে দাও! এ কী রাজনীতি হচ্ছে? এর জবাব পাবে ওরা। আমরা কিন্তু ছাড়ব না কোনও জায়গায়। আমরা ওদের মতো মৃত্যু কামনা করি না। রাজনৈতিক লড়াই হবে বলেও মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক মন্তব্য করেন। যদিও বিজেপির পক্ষ থেকে আগাম হামলার অভিযোগ অস্বীকার করে তৃণমূলই প্রথম তাদের উপরে হামলা চালালে তাদের তিন কর্মীর মৃত্যু হয়েছে এবং দু’জনের অবস্থা আশঙ্কাজনক বলে দাবি করা হয়েছে। প্রদীপ মণ্ডল, তপন মণ্ডল ও সুকান্ত মণ্ডল নামে দলীয় তিন কর্মী গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন বিজেপির কেন্দ্রীয় নেতা মুকুল রায় জানিয়েছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন