
আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যম হোয়াটসঅ্যাপ, ফেসবুক থেকে শুরু করে কোটি কোটি টাকা খরচ করে কেন্দ্রীয় সরকার ও তাদের দলীয় ক্যাডাররা দাঙ্গা বাধানোর সম্পূর্ণ চেষ্টা করছে। আমি তাদের অনুরোধ করব আগুন নিয়ে খেলবেন না। রাজ্যগুলোতে যদি দাঙ্গা হয়, কেন্দ্রীয় সরকারও কিন্তু তার দায় অস্বীকার করতে পারে না। তিনি আজ সোমবার রাজ্য সচিবালয় নবান্নে এক সংবাদ সম্মেলনে ওই মন্তব্য করেন। মমতা বলেন, সীমান্ত এলাকা থেকে কেন অনুপ্রবেশ হবে? নির্বাচনের সময় কারা এসেছিল বাংলাদেশ থেকে বিজেপির হয়ে প্রচার করতে? অনুপ্রবেশ কেবল সংখ্যালঘুরাই করে? আর কেউ করে না? অনেক লোকই করে। বিজেপি করলে দোষ হয় না। বাংলাদেশের একজন বন্ধু একটা রাস্তা দিয়ে যাচ্ছিল, তৃণমূলের মিটিং দেখে দাঁড়িয়ে পড়েছিলেন, তার ভিসা বাতিল করে দেয়া হয়েছে! কিন্তু কেউ বাংলাদেশি নাগরিক হয়েও বিজেপি করলে সাত খুন মাফ সেটা কী করে হয়? আইন দু’জায়গায় দু’রকম হতে পারে না। সুতরাং এসব চলছে। এখানে একটা পরিকল্পিত খেলা চলছে বলেও মমতা বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেন।
তিনি বলেন, যত দিন যাবে বিজেপির মুখোশ খুলে যাবে। আমাকে জেলে পাঠিয়ে কোনও লাভ নেই। আমার মুখ বন্ধ করে বা আমার সরকার ভাঙার ষড়যন্ত্র করে বিজেপির লোকেরা যদি মনে করেন মমতা ব্যানার্জিকে স্তব্ধ করবেন তাহলে মনে রাখবেন মৃত বাঘের চেয়ে আহত বাঘ বড় ভয়ঙ্কর! মমতা বলেন, আমি সব করতে রাজি আছি কিন্তু বাংলা মায়ের সম্মান নিয়ে আমি কাউকে খেলতে দিই না। আমাদের সরকার নির্বাচিত সরকার। তাদের সরকারও নির্বাচিত সরকার। এখানে দু’বছর বাদে নির্বাচন হবে। লোকসভা নির্বাচনের ফলের সঙ্গে বিধানসভা নির্বাচনের কোনও সম্পর্ক নেই।
বিজেপি লোকসভা নির্বাচনে হাজার হাজার কোটি টাকা খরচ করেছে অভিযোগ করে এই টাকা কোথা এল তার তদন্ত হওয়া উচিত বলে মমতা মন্তব্য করেন। রাজ্যে যারা অশান্তি ছড়ানোর চেষ্টা করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে মমতা জানান। বিজেপির উদ্দেশ্য তিনি বলেন, বাংলা, গুজরাট নয়। মনে রাখবেন উত্তর প্রদেশে নির্বাচনের পরে ২৫ জন নিহত হয়েছেন। শিশুরা নিহত হচ্ছে। আমরা এটা চাই না। মমতা বিজেপিকে টার্গেট করে বলেন দার্জিলিং, জঙ্গলমহলকে পুনরায় অশান্ত করার ষড়যন্ত্র হচ্ছে। বাংলায় কয়েকজন ফেট্টি বেঁধে বাংলাকে গুজরাট বানানোর চেষ্টা করছে, ষড়যন্ত্র করছে। আমরা কোনও ষড়যন্ত্রের কাছে মাথা নত করব না। রাজ্যের সব মানুষকে শান্তি বজায় রাখার আহ্বান জানিয়ে বাংলা সহনশীলতার জায়গা, ধৈর্য ও শান্তির জায়গা বলে মমতা মন্তব্য করেন।