
আন্তর্জাতিক ডেস্কঃ তেহরানে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত রবার্ট ম্যাকেয়ারকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে। ওমান সাগরে দু’টি তেল ট্যাংকারে রহস্যজনক হামলার জন্য ইরানকে দায়ী করে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জেরেমি হান্ট যে বক্তব্য দিয়েছেন সে ব্যাপারে ‘তীব্র প্রতিবাদ’ জানানোর জন্য ব্রিটিশ রাষ্ট্রদূতকে তলব করা হয়। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইউরোপ বিষয়ক মহাপরিচালক মাহমুদ বারিমনি গতকাল শনিবার ওই মন্ত্রণালয়ে ম্যাকেয়ারকে তলব করে তাকে তেল ট্যাংকারে হামলার ব্যাপারে ব্রিটেনের ‘অনাকাঙ্ক্ষিত অবস্থান’ সম্পর্কে ব্যাখ্যা দেয়ার অথবা তা পরিবর্তন করার আহ্বান জানান। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জেরেমি হান্ট গত শুক্রবার অভিযোগ করেন, মধ্যপ্রাচ্যকে তার ভাষায় অস্থিতিশীল করতে ইরান ওই দুই তেল ট্যাংকারে হামলা চালিয়েছে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক এ সম্পর্কে বলেন, বিভিন্ন বিষয়ে আমেরিকার ভিত্তিহীন অভিযোগের প্রতি লন্ডনের অন্ধ সমর্থনের কাণে ব্রিটিশ সরকার দেশের ভেতরে ও বাইরে ক্রমবর্ধমান অসন্তোষের সম্মুখীন হচ্ছে। বারিমনি আরো বলেন, দুটি তেল ট্যাংকারে হামলার দিন জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আমেরিকার আহ্বানে অনুষ্ঠিত রুদ্ধদ্বার বৈঠকে ওয়াশিংটন ও লন্ডন ছাড়া অন্য কোনো দেশ ওই হামলার জন্য ইরানকে অভিযুক্ত করেনি এমনকি বহু আন্তর্জাতিক গণমাধ্যম তেল ট্যাংকারগুলোর মালিকের বরাত দিয়ে জানিয়েছে, ওই হামলার জন্য ইরানকে দায়ী করে ব্রিটেন ও আমেরিকা যে বক্তব্য দিয়েছে তা সত্য নয়। বারিমনির সঙ্গে বৈঠকে ব্রিটিশ রাষ্ট্রদূত ম্যাকেয়ার ইরানের এ প্রতিবাদকে তাৎক্ষণিকভাবে লন্ডনকে জানানোর প্রতিশ্রুতি দেন।
গত বৃহস্পতিবার সকালে ওমান সাগরে দুটি বিশাল তেলবাহী ট্যাংকে সন্দেহজনক হামলা হয়। এতে বিস্ফোরণের পর আগুন ধরে যায়। একটি জাহাজ জাপানি মালিকানাধীন, অন্য জাহাজটি মারশাল আইল্যাণ্ডের। হামলার পরপরই নিকটবর্তী দেশগুলোতে বিপদ সংকেত পাঠানো হয় এবং দ্রতই ইরানি উদ্ধারকারী জাহাজ হামলার শিকার জাহাজ দুটি থেকে সব ক্রুকে উদ্ধার করে। ঘটনার পরপরই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও ইরানকে দায়ী করেন এবং সৌদি আরব ও ব্রিটেন তাতে সমর্থন দেয়। আমেরিকা বলেছে, জাহাজ দুটিতে ইরানের পেতে রাখা মাইন আঘাত করেছে। তবে একটি ট্যাংকারের জাপানি মালিক বলেছেন, জাহাজে উড়ন্ত কোনো বস্তু আঘাত হেনেছে।