
আন্তর্জাতিক ডেস্কঃ জলবায়ু পরিবর্তন সারা পৃথিবীর অন্যতম চিন্তার বিষয়। জলবায়ু পরিবর্তনের সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশগুলোর তালিকায় প্রথম দিকে রয়েছে বাংলাদেশ। শুধু বাংলাদেশ নয়, উন্নত দেশগুলোও জলবায়ু পরিবর্তনের কারণে কতোটা ক্ষতিগ্রস্ত তা আমরা কম-বেশি জানি। সাম্প্রতিক সময়ে দেখা যাচ্ছে যে জলবায়ু পরিবর্তনের তীব্র প্রভাব পড়েছে গ্রিনল্যান্ডে।নামে গ্রিনল্যান্ড হলেও বাস্তবে উত্তর গোলার্ধের এই বিশাল দ্বীপটি ছিলো পুরু স্তরের বরফে ঢাকা- তথা ‘হোয়াইটল্যান্ড’। বৈরী আবহাওয়ার কারণে গত ১৩ জুন গ্রিনল্যান্ডের ৪০ শতাংশের বেশি জায়গায় বরফ গলার দৃশ্য দেখা গেছে। গত সপ্তাহেই ২ বিলিয়ন টন বরফ হারিয়েছে ডেনমার্কের স্বায়ত্তশাসিত দ্বীপ গ্রিনল্যান্ড।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-এর এক প্রতিবেদনে গতকাল (১৫ জুন) বলা হয়, সাধারণত জুলাই মাসে ব্যাপক হারে বরফ গলার দৃশ্য দেখা যায় গ্রিনল্যান্ডে। কিন্তু, এ বছর জুন মাসের মাঝামাঝিতেই দেখা গেলো এমন দৃশ্য- যা অস্বাভাবিক।গ্রিনল্যান্ডের আবহাওয়া নিয়ে গবেষণা করছেন যুক্তরাষ্ট্রের জর্জিয়া বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী টমাস মোটে। তার মতে, হঠাৎ করে বিপুল পরিমাণ বরফ গলার ঘটনাটি “অস্বাভাবিক, কিন্তু, অভূতপূর্ব নয়।”সংবাদমাধ্যমটিকে তিনি বলেন, “২০১২ সালের জুনে বরফ গলার যে ঘটনাটি ঘটেছিলো তার সঙ্গে এর তুলনা করা যায়।” সে বছর যে রেকর্ড পরিমাণ বরফ গলেছিলো তার প্রতিই ইঙ্গিত দিলেন বিজ্ঞানী মোটে।সেই অঞ্চলে গ্রীষ্মের শুরুতেই এতো বিপুল পরিমাণের বরফ গলার ঘটনাটিকে খারাপ লক্ষণ হিসেবে উল্লেখ করে বলা হয়েছে যে এ বছর বরফ হারানোর ক্ষেত্রে নতুন এক রেকর্ড সৃষ্টি হতে যাচ্ছে গ্রিনল্যান্ডের ইতিহাসে।