
আন্তর্জাতিক ডেস্কঃ সরকারি স্বাস্থ্য় পরিষেবায় অচলাবস্থা কাটল। সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেন জুনিয়র ডাক্তারদের প্রতিনিধিরা। সেখানে যাবতীয় দাবি-দাওয়া তুলে ধরেন তাঁরা। তা নিয়ে সদর্থক আলোচনা এবং মুখ্যমন্ত্রীর দেওয়া পর কর্মবিরতি প্রত্যাহারের কথা ঘোষণা করেন জুনিয়র ডাক্তাররা। সরকারি হাসপাতালে চিকিত্সকদের নিরাপত্তা-সহ ১২ দফা দাবি নিয়ে এ দিন নবান্নে যায় ওই প্রতিনিধি দল। শুরুতে বিকেল ৩টেয় আলোচনা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু নানান জটিলতা, টানাপড়েন মিটিয়ে তা শুরু হয় ঘণ্টাখানেক দেরিতে। সেখানে একে একে মুখ্যমন্ত্রীর কাছে নিজেদের দাবি জানান জুনিয়র ডাক্তাররা। মুখ্যমন্ত্রী নিজেও নিগ্রহের হাত থেকে চিকিৎসকদের বাঁচাতে বেশ কিছু সুনির্দিষ্ট প্রস্তাব দেন তাঁর সংশ্লিষ্ট আধিকারিকদের।
• কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা করলেন কলকাতা মেডিক্যাল কলেজের অর্চিষ্মান ভট্টাচার্য।
•ভবিষ্যতে এই ধরনের ঘটনা যাতে না ঘটে, সে দিকে নজর রাখব আমরা। আর যদি ঘটেও থাকে, তা হলে সঙ্গে সঙ্গে কড়া পদক্ষেপ করতে হবে, বললেন মুখ্যমন্ত্রী।
• গোটা রাজ্যের জন্য একটি জরুরিভিত্তিক নম্বর এবং ই-মেল আইডি চালু করতে ডিজি বীরেন্দ্রকে নির্দেশ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
• জুনিয়র ডাক্তাররা দাবি তোলেন, নিরাপত্তা সংক্রান্ত ব্যাপারে পুলিশ পদক্ষেপ না করলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে। তাতে সম্মতি জানান মমতা বন্দ্যোপাধ্যায়।
• যে সমস্ত প্রকল্পে অর্থ বরাদ্দ হয়েছে, সে গুলি কী পরিস্থিতিতে রয়েছে, কতটা অগ্রগতি হয়েছে, তা যাচাই করে দেখার নির্দেশ দেন মমতা।
• মমতা বলেন, রোগী কল্যাণ সমিতি কোথাও সক্রিয় আবার কোথাও নিষ্ক্রিয়। সেই সমিতিতে জুনিয়র ডাক্তারদের প্রতিনিধি অন্তর্ভুক্ত করার প্রস্তাব দেন তিনি।
• জবাবে মুখ্যমন্ত্রী বলেন, একটা জেনারেল সার্কুলার করা যেতে পারে। শৃঙ্খলা মেনে না চললে, তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে।
• জুনিয়র ডাক্তাররা জানান, অনেক সরকারি হাসপাতালে গেট নেই। প্রচুর রেফারেল রোগী। চাপ সামলানো মুশকিল। অনেক সময়ই উত্তেজনা দেখা দেয়। রাজনৈতিক দলের নেতারা ব্যাপক ঝামেলা করেন। আমাদের পক্ষে সামাল দেওয়া সম্ভব হয় না। আপনার দিকে তাকিয়ে রয়েছি।
• সেই রাতের এনআরএস-এর ঘটনা বর্ণনা করে পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তোলেন জুনিয়র ডাক্তাররা। তা নিয়ে বৈঠকে উপস্থিত সিপি অনুজ শর্মা এবং ডিজি বীরেন্দ্র-র উদ্দেশে মমতা বলেন, নিষ্ক্রিয় থাকলে হবে না। এই ধরনের ঘটনায় দ্রুত পদক্ষেপ করতে হবে।
• ডাক্তার নিগ্রহে জিরো টলারেন্স নীতির দাবি তোলেন জুনিয়র ডাক্তাররা। জবাবে মুখ্যমন্ত্রী বলেন, আইন হাতে তুলে নিয়ো না। সবটা সবসময় নিয়ন্ত্রণে থাকে না। কখনও কখনও কিছু অপ্রীতিকর ঘটনা ঘটে যায়। তখন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এর জন্য সামাজিক সচেতনতা প্রয়োজন। নাগরিকদের দায়িত্ব সম্পর্কেও সচেতন করা প্রয়োজন। এসো সবাই মিলে এই কাজটা করি।
• ৩৪ বছর পর এ রাজ্যে অনেক উন্নতি হয়েছে। আমরা ন’টা নতুন মেডিক্যাল কলেজ করেছি। প্রত্যেক জেলায় এইচডিইউ, আইসিইউ করে দিয়েছি, বললেন মমতা।
• ২০১১ সালে স্বাস্থ্য খাতে ৬৯০ কোটি টাকা বরাদ্দ হয়েছিল। ২০১৮-য় তা বাড়িয়ে ৯ হাজার ৬০০ কোটি টাকা করা হয়েছে, বললেন মুখ্যমন্ত্রী।
• আগে হাসপাতাল দেখে মনে হত যমালয়, এখন লোকজন এসে বলে বেসরকারি নার্সিংহোমের চেয়েও ভাল। ডাক্তাররা ভাল কাজ করছেন। স্বাস্থ্য কর্মীরাও ভাল কাজ করছেন। কিন্তু সমস্ত হাসপাতালে নিয়োগ করার মতো পর্যাপ্ত সংখ্যক ডাক্তার আমরা পাচ্ছি না। বার বার বিজ্ঞাপন দিয়েও কোনও লাভ হচ্ছে না, বললেন মমতা।
• রোগীদের আত্মীয়দের জন্য সরকারের যে গ্রিভ্যান্স সেল বা অভিয়োগ গ্রহণ কেন্দ্র রয়েছে, সে গুলিকে আরও সক্রিয় করার দাবি পেশ করেন জুনিয়র ডাক্তাররা। মুখ্যমন্ত্রী এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নিতে বলেন আধিকারিকদের।
• জটিল চিকিত্সা বা জরুরি ওষুধ প্রয়োগের সময়, বা এ নিয়ে রোগীর আত্মীয়দের বোঝানোর জন্য সিনিয়র চিকিত্সকদেরই মূলত দায়িত্ব নিতে হবে, দাবি জানালেন জুনিয়র ডাক্তাররা।
• মমতা বলেন, কিছু লোক তোমাদের রাগানোর চেষ্টা করছে। আমাদেরও রাগানোর চেষ্টা করছে। মুখ্যমন্ত্রী বলেন, যে ছেলেটি মার খেয়েছে, ও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। ওই বেসরকারি হাসপাতাল খরচসাপেক্ষ হাসপাতাল। আমরা ব্যবস্থা করেছি। মিনিটে মিনিটে ওর খবর নিয়েছি। এমনকি, অপারেশনের পরেও ওর খবর নেওয়া হয়েছে। ও এখন সুস্থ আছে।
• এক জন জুনিয়র ডাক্তার বলেন, আমরা ভেবেছিলাম এত বড় ঘটনার পরে আপনি এক বার যাবেন। কিন্তু আপনি গেলেন না। তখন মুখ্যমন্ত্রী বলেন, আমি কথা বলতে চেয়েছিলাম। কিন্তু তোমরা কথা বললে না। আমি ভাবলাম, তোমরা কথা বলতে চাইছ না।
• কলকাতা পুলিশের কমিশনার অনুজ শর্মা বলেন: হাসপাতালে কত লোক ঢুকছেন, কারা ঢুকছে, তাতে নজরদারি প্রয়োজন, যাতে সব কিছু নিয়ন্ত্রণে থাকে।
• মুখ্যমন্ত্রীর প্রস্তাব: যখন রোগী মারা যান, সেই সময় সমন্বয়ের অভাব দেখা যায়। সেটা দূর করতে তিনটি শিফ্টে তিন জনকে দায়িত্ব দেওয়া উচিত, যাঁরা রোগীর পরিবার-পরিজনদের সঙ্গে যোগাযোগ রেখে চলবেন। পুলিশের তরফে এক জন নোডাল অফিসার থাকবেন, যাঁর নম্বর কর্মরত চিকিৎসকদের কাছে থাকবে। যে কোনও প্রয়োজনে তাঁর সাহায্যে চাওয়া যেতে পারে।
• চিকিৎসক নিগ্রহ কাণ্ডে ব্যবস্থা নেওয়া হয়েছে। গ্রেফতার করা হয়েছে পাঁচ জনকে। ডাক্তারদের কারও বিরুদ্ধে কোনও মামলা করা হয়নি, জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়।
• মমতার প্রস্তাব: হাসপাতালে এক জন রোগীর সঙ্গে দু’জনের বেশি ভিতরে ঢুকতে পারবেন না। সব জেলা হাসপাতালের জরুরি বিভাগে কোলাপসিবল গেট বসানো হবে। আটকাতে হবে বহিরাগতদের প্রবেশ।
• জবাবে স্বাস্থ্য সচিব রাজীব সিংহকে মুখ্যমন্ত্রী জানাতে বলেন, কাকে কাকে গ্রেফতার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।
• অর্চিষ্মান জানতে চান, ওই অপ্রীতিকর ঘটনায় এখনও পর্যন্ত কী ব্যবস্থা নেওয়া হয়েছে।
• কলকাতা মেডিক্যাল কলেজের অর্চিষ্মান ভট্টাচার্য বলছেন: ভয়ের মধ্যে কাজ করতে হচ্ছে আমাদের। বাধ্য হয়ে আন্দোলনে নেমেছি। আমরা চেষ্টা করেছি আপনার কাছে পৌঁছতে। কিন্তু আমাদের বার্তা হয়ত আপনার কাছে পৌঁছয়নি। আমরা খুব তাড়াতাড়ি কাজে ফিরতে চাই। এই অচলাবস্থা চলুক তা কেউই চাই না আমরা। সাধারণ মানুষ অনেক ক্ষেত্রেই কষ্ট পান। অত্যাচারিত হতে হতে আমরাও নিরুপায়।
• যা বলার আছে নির্দ্বিধায় বলুন, আমরা শুনব: মমতা।
• বৈঠকে উপস্থিত রয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, মুখ্যসচিব মলয় দে, সঞ্জয় বনশল, প্রবীণ ত্রিপাঠি, গৌতম সান্যাল, রাজীব সিংহ, স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়।
• তোমরা কষ্ট করে নবান্নে এসেছ, তোমাদের সকলের কথা শুনব: মমতা।
• জুনিয়র ডাক্তারদের দাবি মেনে, এই বৈঠকের লাইভ কভারেজের অনুমতি দিয়েছেন মুখ্যমন্ত্রী। আন্দোলনকারীদের তরফে রাজ্যের ১৪টি মেডিক্যাল কলেজের ৩০ জন প্রতিনিধি বৈঠকে আছেন।
• বৈঠকে মুখ্যমন্ত্রী ছাড়াও সরকারের তরফে রয়েছেন স্বাস্থ্য দফতরের উচ্চপদস্থ কর্তারা। রয়েছেন সুকুমার মুখোপাধ্যায়, অভিজিত্ চৌধুরীর মতো কয়েকজন বিশিষ্ট সিনিয়র চিকিৎসকও।