
আন্তর্জাতিক ডেস্কঃ ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মাদ বাকেরি বলেছেন, প্রয়োজন হলে মধ্যপ্রাচ্যে আমেরিকাসহ সব শত্রুর সঙ্গে সরাসরি সংঘাতে যাবে তার দেশ। তিনি আজ সোমবার তেহরানের একটি মিলিটারি একাডেমির পাস আউট অনুষ্ঠানে তরুণ জওয়ানদের উদ্দেশে বক্তৃতা দেয়ার সময় এ হুঁশিয়ারি উচ্চারণ কম্বা জেনারেল বাকেরি বলেন, ইরান বর্তমানে আমেরিকার মতো প্রতিশ্রুতি ভঙ্গকারী, দুরাচার ও ধূর্ত শত্রুর মুখোমুখি অবস্থান করছে; যে শত্রু তেহরানের ওপর চাপ বৃদ্ধি করার একই সময়ে আলোচনার ধুয়া তুলছে। ইরানের সশস্ত্র বাহিনী অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে মধ্যপ্রাচ্যে মোতায়েন শত্রু সেনাদের গতিবিধি নিবিড় পর্যবেক্ষণে রেখেছে বলে উল্লেখ করেন জেনারেল বাকেরি। তিনি বলেন, প্রয়োজন হলে এই শত্রু সেনাদের সঙ্গে সরাসরি সংঘাতে যাবে ইরান এবং বিশাল অঞ্চল জুড়ে ইরানের জাতীয় স্বার্থ রক্ষা করা হবে।
ইরানের সেনাপ্রধান বলেন, শত্রুর সঙ্গে সংঘাতের ক্ষেত্রে তার দেশ কোনো ধরনের গোপনীয়তা বজায় রাখবে না, কারণ, সেই পক্ষই গোপনে শত্রুর বিরুদ্ধে হামলা চালায় যে দুর্বল। কিন্তু ইরান আজ মধ্যপ্রাচ্যের বিশাল শক্তিতে পরিণত হয়েছে। আমেরিকার ‘চাপ প্রয়োগ ও আলোচনার প্রস্তাব দেয়ার’ কৌশলকে পুরনো ও সেকেলে বলে উল্লেখ করেন জেনারেল বাকেরি। তিনি বলেন, ১৯৮০’র দশকে আট বছরের প্রতিরক্ষা যুদ্ধের সময় ইরাকের তৎকালীন বাথ সরকার একদিকে ইরানের শহরগুলোতে গণবিধ্বংসী রাসায়নিক অস্ত্র নিক্ষেপ করতো এবং একইসঙ্গে সন্ধি করার প্রস্তাব দিত। তিনি বলেন, আজও ইরান ট্রাম্পের মতো এক নতুন শত্রুর মুখোমুখি হয়েছে যে ব্যক্তি অর্থনৈতিক ও মনস্তাত্ত্বিক যুদ্ধ চাপিয়ে দেয়ার পাশাপাশি আলোচনায় বসার প্রস্তাব দিচ্ছে। তিনি বলেন, এ ধরনের পরিস্থিতিতে একটি স্বাধীনচেতা জাতি হিসেবে ইরান আমেরিকার বিরুদ্ধে শক্ত প্রতিরোধ চালিয়ে যাওয়ার প্রতিরোধ সিদ্ধান্ত নিয়েছে।