News71.com
 International
 07 Apr 23, 07:14 PM
 149           
 0
 07 Apr 23, 07:14 PM

বিদ্বেষপ্রসূত বক্তব্য গণহত্যার ঝুঁকি সৃষ্টির অন্যতম উপাদান।।গুতেরেস

বিদ্বেষপ্রসূত বক্তব্য গণহত্যার ঝুঁকি সৃষ্টির অন্যতম উপাদান।।গুতেরেস

আন্তর্জাতিক ডেস্কঃ জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, বিদ্বেষপ্রসূত বক্তব্য যে কত সহজে বিদ্বেষপ্রসূত অপরাধে রূপ নিতে পারে, তা অনুধাবন করতে হবে। বিদ্বেষপ্রসূত বক্তব্য হলো গণহত্যাকাণ্ড সংঘটিত হওয়ার ঝুঁকি সৃষ্টিকারী মূল উপাদানগুলোর একটি।  শুক্রবার (৭ এপ্রিল) রুয়ান্ডায় তুতসি গণহত্যার ২৯তম বার্ষিকীর আন্তর্জাতিক প্রতিফলন দিবস উপলক্ষে দেওয়া এক বার্তায় তিনি এ কথা বলেন। জাতিসংঘ মহাসচিব বলেন, ১৯৯৪ সালে রুয়ান্ডায় তুতসি জনগোষ্ঠীর ওপর গণহত্যার আন্তর্জাতিক এই প্রতিফলন দিবসে মাত্র ১০০ দিনে হত্যাকাণ্ডের শিকার ১০ লাখের বেশি শিশু, নারী ও পুরুষের জন্য আমরা শোক পালন করছি।

 

আমরা ২৯ বছর আগে গণহত্যার শিকার ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা জানাই, যাদের সিংহভাগই তুতসি জনগোষ্ঠী। তবে তাদের মধ্যে হুতু এবং গণহত্যার বিরোধিতাকারী অন্যরাও রয়েছেন। আমরা ওই নারকীয় হত্যাকাণ্ডের পরও টিকে থাকা মানুষগুলোর সহনশীলতার প্রতি শ্রদ্ধা জানাই। গুতেরেস আরও বলেন, আমরা রুয়ান্ডার জনগণের ক্ষত সারিয়ে ওঠার, পুনরুদ্ধার ও পুনর্মিলন প্রচেষ্টার কথাও স্মরণ ও স্বীকার করি। সেই সঙ্গে আমরা লজ্জাবনত মস্তকে আন্তর্জাতিক সম্প্রদায়ের ব্যর্থতার কথাও স্মরণ করি। সেই হত্যাকাণ্ডের সময় যা ঘটে গেছে, আমাদের তা অবশ্যই মনে রাখতে হবে এবং ভবিষ্যৎ প্রজন্মও যেন তা মনে রাখে, তা নিশ্চিত করতে হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন