
নিউজ ডেস্কঃ আবারো আগুন লেগেছে সুন্দরবনে। মাত্র তিন মাসের মাথায় সোমবার (৩ মে) সকালে পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের ২৪ নম্বর কম্পার্টমেন্টের দাসের ভারণী টহল ফাঁড়িসংলগ্ন বনে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে। শুকনো পাতার মধ্যে থেকে মুহূর্তেই আগুন আশপাশ এলাকায় ছড়িয়ে পড়ছে। দাউ দাউ করে জ্বলছে বনে ব্যাপক এলাকা। এর আগে গত ৮ ফেব্রুয়ারি পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ২৭ নম্বর কম্পার্টমেন্টের ধানসাগর স্টেশনের বনে আগুন লেগে প্রায় ২০০ বর্গমিটার বনভূমি পুড়ে ছাই হয়ে যায়।
সুন্দরবন বিভাগের খুলনা অঞ্চলের বনসংরক্ষক মো. মইন উদ্দিন, পূর্ব সুন্দরবনের ডিএফও মুহাম্মদ বেলায়েত হোসেন ও শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান অগ্নিকাণ্ড এলাকা পরিদর্শন করেছেন। অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পূর্ব বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মুহাম্মদ বেলায়েত হোসেন জানান, বনের দুই একরের মতো এলাকার ছোট গাছপালা, লতাগুল্ম পুড়েছে। আগুন নিয়ন্ত্রণে বনবিভাগ, এবং ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে। ঘটনা তদন্তে শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মো. জয়নাল আবেদীনকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে কমিটির অন্য দুই সদস্য হলেন শরণখোলা স্টেশন কর্মকর্তা (এসও) মো. আব্দুল মান্নান ও ধানসাগর স্টেশন কর্মকর্তা (এসও) মো. ফরিদুল ইসলাম।