
নিউজ ডেস্কঃ দেশের আরো ৫৩ হাজার ৫০০টি পরিবারের মুখে হাসি ফুটবে। কারণ তাদের আর যেখানে সেখানে আশ্রয় খুঁজতে হবে না। মুজিববর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে হতদরিদ্র গৃহহীন ও ভূমিহীন পরিবার এসব নতুন আধা-পাকা বাড়ি পাচ্ছে। আশ্রয়ণ প্রকল্প-২ এর অধীনে দ্বিতীয় ধাপে আগামী জুন মাসে নতুন এসব বাড়ি হস্তান্তর করা হবে। এর আগে প্রথম ধাপে গত জানুয়ারি মাসে বাড়ি পেয়েছে প্রায় ৭০ হাজার গৃহহীন এবং ভূমিহীন পরিবার।
সোমবার (০৩ মে) প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক বৈঠকে আগামী জুন মাসের শুরু থেকে দ্বিতীয় ধাপে নির্মিত বাড়িগুলো বিতরণ শুরু করার পরিকল্পনা করা হয়। আশ্রয়ণ প্রকল্প-২ এর অধীনে বাড়ি নির্মাণ কার্যক্রমের অগ্রগতি নিয়ে অনুষ্ঠিত এ বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রীর মূখ্য সচিব ড. আহমদ কায়কাউস। বৈঠকে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে কাজের অগ্রগতি তুলে ধরেন আশ্রয়ণ-২ প্রকল্প পরিচালক মো. মাহবুব হোসেন। বৈঠকে সব বিভাগীয় কমিশনার, উপ-কমিশনার (ডিসি) এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা ভার্চ্যুয়ালি সংযুক্ত ছিলেন।