
নিউজ ডেস্কঃ জাম্বিয়া সফর শেষে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বৃহস্পতিবার (৬ মে) বিকেল সাড়ে ৪টায় দেশে ফেরেন সেনাপ্রধান। এর আগে গত ৩০ এপ্রিল জাম্বিয়া আর্মি কমান্ডারের আমন্ত্রণে দেশটি সফর করেন জেনারেল আজিজ।
আইএসপিআর জানায়, সফরকালে জেনারেল আজিজ জাম্বিয়া আর্মি কমান্ডার ছাড়াও ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী, এয়ার ফোর্সের ভারপ্রাপ্ত কমান্ডার, জাম্বিয়া ন্যাশনাল সার্ভিস এবং ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের কমান্ড্যান্টদের সঙ্গে সাক্ষাৎ করেন। এসময় জাম্বিয়া সশস্ত্র বাহিনীর বিভিন্ন প্রশিক্ষণ প্রতিষ্ঠানসহ প্রশিক্ষণ সুবিধাদিও পরিদর্শন করেন তিনি। গত ৩ মে জেনারেল আজিজ আহমেদ এবং জাম্বিয়ার ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী ওয়েজি লুখেলের মধ্যে আনুষ্ঠানিক বৈঠকে দু’দেশের মধ্যে সহযোগিতা ও সম্পর্কের বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। ওয়েজি লুখেলে বাংলাদেশ ও বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে উন্নত সম্পর্ক স্থাপনসহ কৃষিক্ষেত্রে বাংলাদেশের দক্ষতার সহায়তা নেওয়ার ব্যাপারে জাম্বিয়া সরকারের অভিপ্রায় ব্যক্ত করেন।