
নিউজ ডেস্কঃ চট্টগ্রামের হালিশহর থানার চৌচালা এলাকায় এক বছর আগে মাটি খননকালে মানুষের একটি কঙ্কাল পায় শ্রমিকরা। সেই কঙ্কালের সূত্র ধরে অবশেষে একটি খুনের রহস্য উদঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
পিবিআই জানিয়েছে, উদ্ধার করা ওই কঙ্কালটি নীলফামারী জেলার গৌড়ঘাট এলাকার আজিজিয়া রহমানের ছেলে রুবেলের। রুবেল হালিশহর চৌচালা এলাকায় জমি বর্গা নিয়ে চাষাবাদ করতো এবং সুদে টাকা ধার দিত। সুদের টাকা নিয়ে সোহরাব হোসেন নামে আরেক চাষীর সঙ্গে রুবেলের ঝগড়া হয়। এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে রুবেলকে খুন করে মাটি চাপা দেয় সোহরাব। এ ঘটনায় হালিশহর থানায় মামলা দায়েরের পর তদন্তের দায়িত্ব পায় পিবিআই। দীর্ঘ অনুসন্ধান শেষে রুবেলের হত্যা রহস্য উদঘাটন করেন তদন্তকারী কর্মকর্তা পিবিআই’র চট্টগ্রাম মেট্রো ইউনিটের পরিদর্শক সন্তোষ কুমার চাকমার নেতৃত্বে একটি বিশেষ টিম।
তথ্যপ্রযুক্তির সহায়তায় ঘাতক সোহরাবকে গাজীপুরের কালিয়াকৈর এলাকা থেকে বৃহস্পতিবার (০৬ মে) ভোরে গ্রেফতার করে চট্টগ্রামের আদালতে হাজির করা হয়। এরপর ঘাতক সোহরাব রুবেল হত্যায় দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।