
নিউজ ডেস্কঃ নরসিংদীতে দুই প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। দুর্ঘনায় সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খায়রুল হুদা চপলসহ মোট ৫ জন গুরুতর আহত হয়েছেন। নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি। শনিবার (৮ মে) রাত সাড়ে ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর শিবপুর উপজেলার সোনাইমুড়ি এলাকায় এ দুর্ঘনা ঘটে বলে নিশ্চিত করেন নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার দত্ত। গুরুতর আহত খায়রুল হুদা চপল সুনামগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান ও সুনামগঞ্জ জেলা যুবলীগের আহ্বায়ক।
পুলিশ জানায়, ঢাকা থেকে রাতে সুনামগঞ্জের উদ্দেশে রওনা দেন সেখানকার উপজেলা পরিষদ চেয়ারম্যান চপল। এ সময় ঢাকা সিলেট মহাসড়কের নরসিংদী অংশ অতিক্রম করার সময় শিবপুরের সোনাইমুড়ি টিলার এখানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা অপর একটি প্রাইভেটকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় গাড়িটি দুমড়ে মুচড়ে যায়। গাড়িতে থাকা উপজেলা চেয়ারম্যান চপল ও তার গাড়িচালক গুরুতর আহত হয়। অপর প্রাইভেটকারে থাকা একজন নিহত এবং তিনজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে তাদের হাসপাতালে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য চপলকে ঢাকার ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠিয়েছেন।