
নিউজ ডেস্কঃ যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ‘কোয়াড্রিল্যাটারাল সিকিউরিটি ডায়ালগে (কোয়াড)’ বাংলাদেশ যোগ দিলে চীনের সঙ্গে এ দেশের সম্পর্ক ‘যথেষ্ট খারাপ’ হবে বলে সতর্ক করেছেন ঢাকায় চীনা রাষ্ট্রদূত লি জিমিং। চীনের প্রতিরক্ষামন্ত্রী উই ফেংহে সাম্প্রতিক বাংলাদেশ সফরে এই বার্তা দিয়েছেন। গতকাল সোমবার বাংলাদেশে কূটনৈতিক সংবাদদাতাদের সংগঠন ডিকাবের সদস্যদের সঙ্গে এক ভার্চুয়াল আলোচনায় চীনের রাষ্ট্রদূত এ কথা জানান। চীনের রাষ্ট্রদূত বলেন, ‘‘চীন ‘কোয়াড’কে তার দেশের বিরুদ্ধে জোট হিসেবে দেখে। এটি চার দেশের একটি জোট। এটি চীনের জন্য কী তা আমরা সবাই জানি। এ কারণেই জাপান হাত মিলিয়েছে যুক্তরাষ্ট্রের সঙ্গে।”
উল্লেখ্য যুক্তরাষ্ট্র, জাপান, অস্ট্রেলিয়া ও ভারত কোয়াডের সদস্য। এই জোটকে অনেকেই ‘এশিয়ান ন্যাটো’ বলে অভিহিত করে থাকেন। বাংলাদেশ ও চীন তাদের সম্পর্ককে ‘স্ট্র্যাটেজিক’ বলে উল্লেখ করে থাকে। চীন বাংলাদেশের বড় উন্নয়ন অংশীদার। চীনের ‘ওয়ান বেল্ট, ওয়ান রোড’ (এক বলয়, এক পথ) পরিকল্পনাতেও বাংলাদেশ যুক্ত হয়েছে। কোয়াড প্রসঙ্গে চীনের রাষ্ট্রদূত বলেন, ‘আমরা চাই না, বাংলাদেশ কোনোভাবেই এই জোটে অংশ নিক।’ রাষ্ট্রদূত আরো বলেন, ‘ইতিহাসে বারবার প্রমাণিত হয়েছে যে এ ধরনের অংশীদারি আমাদের প্রতিবেশীদের নিজেদের সামাজিক, অর্থনৈতিক উন্নয়ন ও জনগণের মঙ্গলকে নিশ্চিতভাবে ব্যাহত করে।’