
নিউজ ডেস্কঃ সোহরাওয়ার্দী উদ্যানের গাছ কাটা আপাতত বন্ধ থাকবে জানিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, প্রয়োজনে নকশারও পরিবর্তন করা হতে পারে। আমি নিজে সরেজমিন পরিদর্শন করব এবং পরিবেশবিদদের সঙ্গে কথা বলে পরবর্তী সিদ্ধান্ত নেব। এছাড়া এবিষয়ে একটি কমিটিও গঠন করা হয়েছে। মঙ্গলবার (১১ মে) মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে মন্ত্রী এসব কথা বলেন।
সোহরাওয়ার্দী উদ্যানের গাছ কাটার বিষয়ে পরিবেশবিদ ও নগর পরিকল্পনাবিদদের নিয়ে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হবে জানিয়ে মন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে একটি কমিটি করা হবে। সেই কমিটির সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। কমিটির সবার আলোচনায় যদি প্রকল্পের নকশা পরিবর্তন করতে মত হয়, তাহলে সেটাও করা হবে। তিনি বলেন, এখন পর্যন্ত ৫০টি গাছ কাটা হয়েছে। আরো ৫০টি গাছ কাটা হতে পারে। তবে পরীক্ষা-নিরীক্ষা, সরেজমিন পরিদর্শন ও বিশেষজ্ঞদের সঙ্গে কথা না বলে আপাতত কোনো গাছ কাটব না বলে আমি সিদ্ধান্ত নিয়েছি।